নেপথ্য ভাষণ
নেপথ্য ভাষণ
সুব্রত পন্ডিত
অদৃশ্য ফাঁসির দড়ি গলায় লটকে
কবিকে নামিয়ে দেওয়া হল মঞ্চ থেকে
কবি এসে বসলেন অপমানিত অন্ধকারে
বিপর্যস্ত শরীর সামলে টাঙিয়ে রাখলেন চাঁদের মুখোশ
সরিয়ালের মতো নির্বাচিত পাঞ্জাবি ও ইজার গুলি
সংবর্ধিত বেলুনে চড়ে উড়তে লাগলো...
প্রথমজন রূপকথা ও রোমান্সের নৌকা ভাসালো
দ্বিতীয়জন শেয়ালের আক্রমণে ভীত হয়ে শহর ছাড়লো
তৃতীয়জন প্লেটো,স্পেন্সার সক্রেটিসের তত্ত্ব ছাড়িয়ে গেলো
চতুর্থজন এসে সংসদের চেয়ার টেবিলে হিসি করে দিল
কবি দেখলেন সকলেরই পিটুইটারি থেকে
লোভ আর লালসার নেশা ঝরছে
কেউই বিষন্ন কবির পাশে দাঁড়িয়ে
সহানুভুতির হাত বাড়ালো না
কালো ব্যাচ নিয়ে মৌন মিছিলে হাঁটলো না
নাব্য নদীগুলি
কবি তৃতীয় নয়ন দিয়ে দেখলেন
দ্বি-চারি জলের ধারা মিশে যাচ্ছে আনন্দ- ভৈরবী রাগে...
সুন্দরের ধ্যানে মগ্ন কবি চললেন
জননী জঠরের নৈঋত কোণে
সমস্ত আমিত্বের আস্ফালন খুলে ফেলে
জড়িয়ে নিলেন ফাঁসির দড়ি
তারপর গাইলেন 'একবার বিদায় দে মা,ঘুরে আসি...'

খুব ভালো লেখা সুব্রতদা।
ReplyDeleteদারুণ লাগল...