আফজল আলি














জিরো বাউন্ডারি লেখার তাগিদ

আফজল আলি


ষষ্ঠ পর্ব 

জিরো বাউন্ডারি কবিতার কাঠামো ভাব ইত্যাদিকে গুরুত্বহীন করে জোর দিল শব্দ ব্যবহার এবং শব্দের মধ্যবর্তী জাড্যধর্মকে ভেঙে দিতে এবং কোনো ইজম এর বিরোধীতা করার দিকে না গিয়ে । কবি এবং কবিতাকে অধিকার দিল মুক্ত হয়ে যাওয়ার । অবশ্যই কাব্যগুণ তছনছ করে নয়। এখন কথা হতে পারে কবি তো চিরকাল মুক্তই ছিল । কে তাঁকে বেঁধে রেখেছিল মুক্তভাবে না লিখতে । তাই জিরো বাউন্ডারি আবার নতুন করে মুক্ত হবার কথা বলছে কেন। এই প্রশ্নের উত্তর দেওয়াটা খুব জরুরি । 

আমরা যদি সাহিত্য বা কবিতার ইতিহাস ভালো করে পর্যবক্ষেণ করি তাহলে দেখতে পাব প্রাক-আধুনিক যুগের কবিতা সাধারণত ধর্মীয় ভাবাবেগ থেকে বা ধর্মীয় আখ্যান থেকেই বেশিরভাগ নেওয়া হয়েছিল  অথবা রাজার আনুকূল্যে থাকার জন্য নির্দেশিত পথেই চিন্তার প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়া হতো। যেখানে কবিতা নির্দিষ্ট ছন্দের ছকের মধ্যেই নির্দিষ্ট চিন্তাকেই প্রাধান্য দিত। সেক্ষেত্রে অবশ্য সামাজিক কিছু কিছু কথন এবং অবস্থান উঠে আসত এটা ঠিক । কিন্তু কবি কোনো এক শক্তির দ্বারা নিয়ন্ত্রিত হতেন । সেই নিয়ন্ত্রণের বাইরে যাওয়া সম্ভব ছিল না  । ব্যাপারটা এমন নয় যে সেই সময়ে কবিরা এ ব্যাপারে অসন্তুষ্ট ছিলেন । আসলে এটাই ছিল system.   এই system এ  কবি নিজেকে মানিয়ে নিতেন কারণ সময় ছিল একটা factor.  সেই সময়ে দাঁড়িয়ে আর্থসামাজিকতা এবং প্রভুত্ববাদের শক্তির নিরিখে কবিরা অভ্যস্ত ছিলেন । কিন্তু দীর্ঘ সময় অতিবাহিত হয়ে যাওয়ার পর এখন যদি আমরা দেখি তাহলে বুঝতে পারব যে কবিরা কি এই সময়ের মতো স্বাধীনতায় লিখতে পারতেন । 

আধুনিক যুগ শুরু হবার বেশ কিছুটি সময় অতিবাহিত হয়ে চিন্তা এবং লেখনীতে নতুন মাত্রা যোগ হয়েছিল । বিভিন্ন কবি বিভিন্ন ভাবেই লিখতেন । বিভিন্ন স্বতন্ত্র লেখা বাংলা কবিতাকে অপার সমৃদ্ধ করেছে । রবীন্দ্রযুগ এবং কল্লোলযুগের কবিরা নানান ভাবে সৃষ্টিতে মেতেছিলেন । রবীন্দ্রনাথ এবং নজরুল মানুষের হৃদয়ের কোণে কোণে আলো আঁধারের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করেছিলেন অনুভব অনুভবে। মূলত ছন্দবদ্ধ সেইসব কবিতা । এবং অবশ্যই ব্রিটিশরাজ থেকে মুক্ত হওয়ার ডাক এবং তাগিদ তো ছিলই। অনেক পরে রবীন্দ্রনাথ ভাবলেন ছন্দের বাঁধন থেকে মুক্তি দেওয়ার কথা এবং লিখলেন । অর্থাত্ তিনি অনুভব করলেন কবিতা কোথাও যেন বন্ধনে আবদ্ধ । তাই সনেটকে চোদ্দ মাত্রা থেকে সরিয়ে সতেরো মাত্রায় নিয়ে এলেন এবং শেষে গদ্য ছন্দের প্রবর্তন করলেন নিজের দূরদৃষ্টি দিয়ে ।

পরবর্তী পর্যায়ে ফ্রয়েডের ভাবনা আছড়ে পড়ল বাংলা কবিতায় । কবিতা রোমান্টিসিজম এর বাইরে এসে নতুন মাত্রায় নতুন ভাষায় লেখা হতে লাগলো। জীবনানন্দ দাস ,  বুদ্ধদেব বসু সহ অনেকেই নিয়ে আনলেন নতুন আবেদন নতুন জাগৃতি । অর্থাত্ কবিতা আরো অনেকটা মুক্ত হয়ে নতুন ভাষার স্বাদ পেল। কোথাও একটা অদৃশ্য বন্ধন থেকে সরে আসতে লাগলো। 

আমার বলার উদ্দেশ্য একটা অদৃশ্য বন্ধন কাজ করছিল লেখনীর মধ্যে । তাই গদ্যছন্দ , তাই ফ্রয়েডিয় ভাবনার প্রভাব । কিন্তু বেশিরভাগ কবিতার মধ্যেই ছিল আদি মধ্য অন্ত র  প্রভাব যা এক প্রকার বন্ধন। আমি আগেই বলেছি time is a factor.  যে সময়ে কবি বা শিল্পী অবস্থান করেন সেই সময়ের প্রভাব তার মধ্যে প্রবলভাবে কাজ করে । প্রখর দূরদর্শী বা দার্শনিক না হলে নতুন কিছুর সন্ধান সহজে ধরা দেয় না । তাই কবিরা সময়ের নিয়ে সময়ের মধ্যেই আবর্তিত থাকেন। কিন্তু ভালো সৃষ্টি কালজয়ী হয়ে যায়  ,  আমাদের সাহিত্যের ইতিহাসে স্থান পায় ,  আমাদের ঐতিহ্যরূপে গণ্য হতে থাকে -    এটা ভিন্ন বিষয় । এটা শিল্পের উৎকর্ষতার ধর্ম । এটা বন্ধন বা বন্ধনমুক্ত অবস্থার উপর নির্ভর করে না । আমার বক্তব্য শিল্পের মুক্তভাব নিয়ে,   এটি অন্য বিষয় ।

                                                        আরও শুনবে পরের সপ্তাহে.... 

Comments

Popular posts from this blog

সম্পাদকীয়

বিশ্বজিৎ প্রামাণিক