নির্ভরতা
রিয়া ভট্টাচার্য
স্কুলের ডেস্কের ওপরে ব্লেড দিয়ে আঁচড় কেটে কেটে একটা অবয়ব ফুটিয়ে তুলছে ক্লাস এইটের অনির্বাণ। একটা ঝাঁকড়াচুলো রাক্ষসী পুঁচকে বাচ্চাটার টুঁটি টিপে ধরে আছে, শিশুর চোখ বেয়ে ঝরে পড়ছে বেঁচে থাকার আকুতি।
--" হেই ইউ! স্ট্যান্ড আপ বয়! " কর্কশ গলায় বললেন ইংরেজি শিক্ষক, কাঁপতে কাঁপতে উঠে দাঁড়াল অনির্বাণ। বাছা বাছা বিশেষণ আর সাথে ক্লাসে নীল ডাউন হয়ে থাকার শাস্তি আজকাল প্রায় গা সওয়া হয়ে গেছে তার, কিন্তু গৃহশিক্ষিকার শোষণ দিনের পর দিন জীবন্ত লাশে পরিনত করছে তাকে। বাথরুমে গেলে বড্ড জ্বালা করে, রক্ত গড়াচ্ছে আজকাল। কিন্তু বলবে কাকে? বাপি - মামনি কি বিশ্বাস করবে তার কথা!
--" কি রে কি হয়েছে? আমায় বল, দেখবি আমি সব ঠিক করে দেব।" বিজ্ঞের মত বেনী দুলিয়ে বলল সহপাঠী অঙ্কিতা, একটা হাত ভরসার চাবি হয়ে স্থান করে নিল অনির্বাণের মুঠিতে।
বলবেনা বলবেনা করেও বলে ফেলতে বাধ্য হল সে, ঘেন্নায় গা গুলিয়ে উঠল তার। হয়ত সব জানার পর তাকে নিয়ে সবাই হাসাহাসি করবে, অঙ্কিতাও হয়ত বাজে ছেলে ভেবে মিশবে না তার সাথে।
--" চিন্তা করিস না, কিচ্ছু ভুল নেই তোর। কাকু কাকিমার সঙ্গে আমি কথা বলব, তুই আর ওখানে পড়তে যাবি না। " জোরগলায় বলল অঙ্কিতা।
তাকে জড়িয়ে ধরল অনির্বাণ, চোখ বেয়ে টসটস করে মাটি ছুঁল অনেকদিনের জমিয়ে রাখা গ্লানি। এই দুই কিশোর - কিশোরী ভ্যালেন্টাইন্স ডে বোঝেনা, ভালোবাসা মানে তারা বোঝে নির্ভরতা ; যা একের বিপদে জড়িয়ে থাকে অন্যকে।।

Comments
Post a Comment
Thank u..Valo thakun...