অর্ণব মণ্ডল
সন্নিবেশ চক্র
অর্ণব মণ্ডল
মনে করুন,
সাড়া জাগানো সাকসেস্ পয়েন্টে দাঁড়িয়ে ছোটা শাকিল
আপনাকে টগর ফুলের কৃচ্ছ্রসাধন শেখাচ্ছে
আপনি অন্তরঙ্গ ও বহিরঙ্গের যোগসূত্র না বুঝেই বলে দিলেন--'ক্যা বাত'
স্পর্শকাতর ডিপ্রেশন মর্টগেজ রেখে তখুনি শুরু হল-- তুমুল হাস্য
এইটুকু জানি,
টসটসে মামনি বা ধূর্ত শকুনির কোনো উত্তেজনাপূর্ণ চমক আপনি দেখেননি।
বারুদের গুঁড়ো,
বাতাসের অস্থির ভাবাবেগ থেকে আলাদা করার
কোনো ফুরসত আপনার নেই
অনায়াস ভঙ্গিতে বিকল্প পথ খুলে এগিয়ে যাচ্ছে মৃত্যুমুখী পা...
অদৃশ্য চলাচল
একটা বিপরীত চৌম্বকত্বের মত টেনে নিচ্ছে,
সরল সীমারেখা বরাবর নিজস্ব কল্পনার কোনো আলো আঁধারী নেই
ভাবুন, কেবল ভাবুন,আলাপন নাকি বিস্ফোরণের লাল হওয়া প্রত্যুত্তর ফিকে হয়
মনে করুন, পূর্বজন্মে আপনি একমাত্র ত্রিকালদর্শী চুতিয়া কবি ছিলেন।
আজও একইরকম ঘোর ফাটিয়ে বক্স অফিস কাপাচ্ছেন।
মুখরোচক কম্পিটিশনে আর্তনাদ ভোলানোর মত বিরহ ব্যামো আপনার ঘুচে গেছে।
ছন্নছাড়া শতাব্দী নিয়ে এমন কিছু বলুন-
যেটা প্রমোদপ্রেমী হরিদাস পালের সুশ্রাব্য হবে।
শুধু বাকতল্লা ভেঙে যাওয়া নীরবতায় শত্রু মিত্রের অশ্বমেধ নয়।
মনে করুন,
এবার
পাথুরে চোখের উপর অলৌকিক সমস্ত সোহাগ
পরশ লেগে থাকা সাধনা সমাধি আর চোরাগোপ্তা আলোকবর্ষ বসালেন।
রেডিয়াস হীন তীব্র অন্ধকূপে পড়ে
ব্যাবেল আউট কিংবা আত্মসুদ্ধির ভয় খাওয়ানো
সত্যি,সত্যিই মনে হয় বিস্মৃতির বন্ধনে মুক্তি নামক খোয়াব দেখা।

Comments
Post a Comment
Thank u..Valo thakun...