পাথর













জয়ন্ত চট্টোপাধ্যায়

ঋষি অতি সন্তর্পণে কাগজের মোড়ক খুলে তার ভেতর তুলোয় ঢাকা
নীলচে পাথরটা বের করে দু আঙুলে দিয়ার সামনে ধরলো। একটা
নীল আভা ছড়িয়ে পড়ছে।অবাক চোখে তাকায় সে।
-- এই গ্রহরত্ন হলো নীলা।দীপকদা বলে দিয়েছেন, চাকরি হবেই।
-- কত দাম?
তৃপ্ত কণ্ঠে উত্তর,মাত্র কুড়ি হাজার আমাকে বলেই এই দামে
দিলো।নইলে......
-- টাকা কোথায় পেলে?
-- মোহনের কাছে ধার নিয়েছি।বেতন পেলে দিয়ে দেবো।

তারপর দুজনের পরিশ্রম অধ্যবসায় সব মিলে একাকার।দিয়া জয়েন
করেছে।খুব আনন্দ।পাথর কথা বলেছে,মানে কাজ করেছে।

প্রথম মাসের বেতন থেকে একটা মাটির হাঁড়িতে কল্পতরুর বিখ্যাত
রসগোল্লা নিয়ে দীপকদার বাড়ি চলেছে ঋষি।ফোনে সব জানানো
আছে আগেই।দরজার কাছে পৌঁছে দুজনের উচ্চকণ্ঠের রসিকতায়
দাঁড়িয়ে পড়ে সে।
-- আরে তুই তিনশো টাকা নিয়েছিলি যে নীল পাথরটার জন্য,সেটাকেই
নীলা বলে একজনকে দিয়েছিলাম।সে চাকরি পেয়ে গেছে,তার
ভ্যালেন্টাইন মিষ্টি নিয়ে এক্ষুনি আসবে।বোস মিষ্টি খেয়ে যাবি।
রাগ,হতাশা,ঘৃণায় নীল হয়ে গ্যাছে ঋষি।দরজার সিঁড়িতে তীব্র শব্দে
আছড়ে পড়লো কল্পতরুর রসগোল্লার হাঁড়ি।
-- কী হলো? কী হলো! -- বলে বিভ্রান্ত জ্যোতিষী দরজা খুলে কাউকে
দেখতে পেল না।
কেবল দেখলো বড়ো বড়ো রসগোল্লাগুলো চারদিকে গড়াগড়ি খাচ্ছে।

Comments

Popular posts from this blog

সম্পাদকীয়

আফজল আলি

বিশ্বজিৎ প্রামাণিক