বিশ্বজিৎ প্রামাণিক
সাত ইয়ারির কাব্য
বিশ্বজিৎ প্রামাণিক
1)
"ক্ষিদে পেলে রাষ্ট্র আমাকে ধর্ম গিলতে বলেছিল।
ক্ষিদের জ্বালায় আমি বড়দিনের কেক গিলেছিলাম!
এতেই নাকি রাষ্ট্রকে আমি ধর্ষণ করেছি?
ফাঁসি নাকি এতে সামান্যই সাজা!
কাল সকালেই আমার ফাঁসি!"
2)
"যে বসন্তে ফুল ফোটেনি--
রক্ত দিয়ে রাঙানো হয়েছিল সময়!
যে হেমন্তে গান ভাসেনি--
শ্লোগানে শ্লোগানে শহর ঘিরেছিল হৃদয়!
সেদিনও প্রতিবাদ থামেনি--
ক্ষান্ত হয়নি ব্যস্ত শহরের স্বর।
সেদিনও ভালোবাসা কমেনি--
আজ শহর জুড়ে অদ্ভুত ভয়ের জ্বর!"
3)
"রাষ্ট্র একদিন সুনাগরিক হবার হাঁক ছাড়লো।
সবার সাথে আমিও আমার বোবা হাত তুললাম।
সশব্দে চারদিকে হাততালি পড়লো।
এবারেও বোবা হাত নাড়ালাম।
সিপাহীরা দারুন খুশি হলো।
রাষ্ট্র আর আমার হাত তখন আহ্লাদে আটখানা।
হাতের তো ক্ষিদে ছিল না!
ভুখা পেট তখনও গুমরে বসে ছিলো!
ক্ষিদের জ্বালায় ভুখা পেট আজও স্তাবকতা শিখল না!"
4)
"কন্ডোম আজ ভীষণ সহজলভ্য!
বিছানা থেকে কবির পাতাতে!
ত্রিশূল-দলিত-পিরিয়ডে রাষ্ট্র জেরবার!
ধর্ম কী পারে--
আজও ক্ষিদের জ্বালা কিছুটাও মেটাতে?"
5)
"ভালোবাসাগুলো যদি গোলাপেই সীমিত হতো!
কী দোষ ছিল চন্দ্রমল্লিকার?
শোনো প্রিয়,
পাষাণ প্রেমিক দোষে--
আজীবন দোষী হব আমি অনবরত!"
6)
"সেদিন কষ্টের সাথে ভীষণ তুলকালাম লেগে গেল!
কীরে বছরবর তো খুব জ্বালালি!
এখন দেখা নেই কেন?
কষ্ট ফিসফিস করে কানে কানে এসে উত্তর দিল--
মৃত মানুষদের কষ্ট নেই!"
7)
"মৃত্যুর পর দেহে বিছিয়ো ছোট্ট লাল কাপড়ে,
হোক না হাতুড়ি কিংবা কোদালটা আবছা আঁকা!যদি সেটুকুও না জোটে তোমাদের স্তাবকের ভাগাড়ে--
চাকুটাই চালিয়ো আমার মরদেহে,
জামাটাই কোরো কিছুটাও লালেরাঙা!

Comments
Post a Comment
Thank u..Valo thakun...