ইঙ্গিত
মানসী নিলাক্ষী বিশ্বাস
আজ সকাল থেকেই লেবার পেইন শুরু হয়েছে মিমির।গত কয়েক দিন শরীর অসুস্থ থাকলেও আজ, শুতে বসতে,দাঁড়াতে কিছুই পারছে না ও। বড় অসহায়ও লাগছে যেন নিজেকে ।যদিও ডেলিভারি ডেট এখনও একসপ্তাহ বাকি।সৌহার্দ্য কে বলেছিল,_
—" ডেলিভারির একসপ্তাহ আগে তুমি প্লিজ চলে এস।ওই সময় আমার তোমাকে খুব দরকার হবে।"সৌহার্দ্য মাথায় হাত দিয়ে মিমিকে বুঝিয়েছিল, "শোন এত ভেব না।আমি তো ছুটি লিখিয়েইছি।চিন্তা নেই।" তারপর মিমির ফুলো পেটে একটু আলতো করে হাত বুলিয়ে বলল,"সোনা, মায়ের খেয়াল রেখ।আমি যাব আর আসব।তুমি চোখ খুললেই আমাকে দেখতে পাবে, কেমন। "
যত লেবার পেইন উঠছে তত মুঠো চেপে, দরদরিয়ে ঘেমে,নিজের একটুকরো ভালবাসা,সৌহার্দ্য আর তার প্রেমজীবন,হানিমুন,খুনসুটি, ঝগড়া সব মনে করার চেষ্টা করছে মিমি।দাঁতে দাঁত চেপে হেসে হেসে মনে করতে থাকল,সৌহার্দ্য বাড়ি এলেই তাকে প্রথমে জাপ্টে ধরত।আবার আসত যখন তখন একদম চমকে দিয়ে। বলত,"সারপ্রাইজ।আমার তিনদিন পর আসার কথা ছিল,কিন্তু তিনদিন আগেই আমি চলে এলাম।কি বিশ্বাস হচ্ছে না?"বলে একগাল হেসে ভাসিয়ে দিত।...আর সহ্য হয় না।দুর্দান্ত কষ্ট হচ্ছে,হাঁপাতে হাঁপাতে অজ্ঞান হয়ে পড়ল মিমি।
"সিস্টার,সিস্টার... কেবিন নং–১৮র বাড়ির লোক জনকে একটু ডাকুন।ড.নিয়তি চিৎকার করে ওঠে।‘হ্যাঁ, ম্যাম এক্ষুনি যাচ্ছি’...কেবিনের নার্স একছুটে বাইরে যায়।
মিমির শ্বশুর, শাশুড়ী, বাবা,মা,ভাই এসেছে। মিমিকে নার্সিংহোম এ এডমিট করতে।তারা হন্তদন্ত হয়ে কেবিনে আসে।মিমির ভাই বলল," ডাক্তারবাবু দিদি ঠিক আছে তো?বাচ্ছা,ভাল আছে তো?আমাদের ডাকলেন যে..."কথা থামিয়ে ডাক্তার বলেন,"শুনুন,আপনার দিদির অবস্থা খুব খারাপ।খুব সিরিয়াস। ইমিডিয়েট অপরেশান করতে হবে।এনার গার্জেন আই মিন হাসবেন্ড কোথায়? সিস্টার এনার হাসবেন্ড কে দিয়ে বন্ডটা সই করিয়ে নিন তো।"
কিছু সমস্যা হয়েছে বুঝতে পেরে চোখের কোনায় জল এসেও আটকে যায় রূপমের।বোঝে,এই পরিস্থিতিতে ওই গার্জেন।যা হোক, ডাক্তার কে বলে,"জামাইবাবু তো এখানে নেই।তবে চলে আসবে।কাল ফোন করেছিলাম।আজ রাত বা কালকের মধ্যে ফিরে পরবে।"পিছনের দিকে তাকিয়ে বলল, মা –বাপি–মাসি–মেসো,তোমরা বাইরে যাও।আমি এদিকটা সামলাচ্ছি।আরে যাও না।কিছু টেনশন করো না। সব ঠিক ঠাক হয়ে যাবে।
বন্ডে সই করেছে রূপম।টানা দু ঘন্টা অপরেশানের পর মিমি এখন সুস্থ। ফুটফুটে মেয়ের জন্ম দিয়েছে সে।কিন্তু কারোর সাথে কথা বলছে না।মানে,তেমন কিছু না।গুরুতর অভিমান হয়েছে সৌহার্দ্যর উপর। মেয়ে হয়ে গেল এখনো এল না।ডিউটি টাই কি সব?বউ–বাচ্ছার কোন দায়িত্ব... আর ভাবতে পারে না মিমি।
কেবিনের দরজার ওপাশ থেকে দিদির প্রতিক্রিয়া দাঁড়িয়ে দেখছিল রূপম।খবর আগেই পেয়েছে জামাইবাবু আসছে।কিন্তু দিদিকে জানানো টা ঠিক হবে না ভেবে জানাই নি।বাড়ির কাউকেও কিছু বলে নি।ভেবেছিল,দিদি সুস্থ হোক,সবাই তো ঠিক জানবেই।
সৌহার্দ্য ক্যাম্পে যাবার আগে নিজের বাচ্ছার কি নাম দেবে ঠিক করে রেখেছিল।মেয়ে হলে আরোহী, ছেলে হলে আবাহন।মিমি কথা রেখেছে।বাপের দেওয়া নাম টা বহন করছে আরোহী। আজ ২৫বছরের জন্মদিন ওর।কিন্তু বাবা ওর কথা রাখেনি।বাবা বলেছিল, "আমি যাব আর আসব।তুমি চোখ খুললেই আমাকে দেখতে পাবে।" হ্যাঁ, বাবা এসেছিল কিন্তু বাবাকে সে দেখতে পাইনি। ক্যাম্পের জঙ্গি হামলায় বাবা সেদিন ফিরতে পারেনি।মেজর ছিল।চার্জে ছিল।দায়িত্ব পালন করতে গিয়ে বুকের পাশে একটা গোল দাগের স্মৃতি চিহ্ন রেখে যায় সৌহার্দ্য।মিমি আর আরোহীর জন্য শেষ স্মৃতি ছিল ওটা।
বাবার ছবিতে মালা দিয়ে দৃঢ়চিত্তে আরোহী বলল,"বাবা, আজ আমি কাঁদব না।শুধু দুঃখ একটাই —তোমাকে আমি কখনো দেখিনি,তুমিও আমাকে কখনো দেখনি।শুধু শুনেছি হেঁটে গিয়েছিলে,কফিনে মুড়ে কাঁধে চেপে এসেছ।আমাকে আশীর্বাদ কর বাবা।তোমার মত আমিও যেন এমন দৃঢ়চেতা, দায়িত্বশীল হতে পারি।একজন কর্তব্য নিষ্ঠ আই পি এস অফিসার হতে পারি।
কথায় আছে "জন্ম মৃত্যু বিয়ে/তিন বিধাতা নিয়ে "। সৌহার্দ্যের মৃত্যু–আরোহীর জন্ম–আরোহীর আই পি এস এ জয়েনিং তিনটেই একই তারিখ। কি অদ্ভুত মিল!বাবাকে মাকে প্রনাম করে আরোহী এগিয়ে চলে, সামনের পথে।কান্নায় ভেঙে পড়ে মিমি।যদি আবারও কোন বিপদের ইঙ্গিত হয় এটা...।

ভালো লিখেছিস।
ReplyDeleteঅসাধারণ তোমার লেখনী।খুব ভালো লাগলো ।মনদিয়ে পড়লাম ।
ReplyDelete