সুমনা পাল ভট্টাচার্য














চিত্রপট

সুমনা পাল ভট্টাচার্য


(১)

শব্দনাদের ভিতর গুমরে ওঠে সন্ধের শঙ্খিনী
তুমি পথ চলো নিরন্তর..
ছায়া চাও, জল চাও, দুমুঠো অন্নও চাও-
শিকড়ের মত কামড়ে ধরো মাটির বুক..
অশ্বত্থের জট নামে সে দংশনের বিষ ছেঁচে,
পথিকের মুঠোয় আলগা ধুলো তখনও লেগে থাকে
তবু,
আশ্রয়ের বিছানায় মলাট বদলায় 'পান্থশালা'।

(২)

মাটির কানে বাঁশির মধ্যরাতের ঝুমকো, ঠোঁটে পলাশের আগুন, জোছন-আলোর উন্মুক্ত স্তন..
আঙুলে আঙুল রেখেছো ঋতুরাজ, চোখের সমুদ্রে এনেছো রঙের উত্তাপ..

তোমার পৌরুষের তালুতে কৃষ্ণচূড়ার সীমান্তরেখা..

প্রদীপ জ্বেলেছে মা, পেতেছে শীতলপাটি
হাঁটু মুড়ে বসো প্রেম, এখানে একটিবার।

(৩)

ঝড় আসবে বলে কপাট দিয়েছে ঘর,
দেওয়ালের গায়ে প্রলয়ের উষ্ণীষ,
সেনার পাহারা প্রতি মুহুর্ত সজাগ।

চোখ মেলো নবজাতক..
আগামী সবুজের জন্ম হোক তোমার নির্ঘুম ভোরে
মুছে যাক রক্তের তিলক, হাওয়ায় ভেসে যাক বিবর্ণ খিদে..
গাঢ় সবুজের তাজা যৌবন তোমার নগ্নতার আভরণ হয়ে উঠবে কাল..

স্বপ্ন, তুমি দোর ভেঙে ঝড় আনো বারবার।

(৪)

এক একটা নৌকাডুবির শব্দ অনুরণিত হয় বাতাসে..
প্রচ্ছন্ন ঢেউ এর নি:শব্দ পদচারণ কখন চৌকাঠ ছাপিয়ে ঘর ভাসিয়ে দেয়, তা চিরদিন অজানাই থেকে যায়।

অনেক অনেকদিন পর, কম্পাসের দিক ভুল হলে,
নাবিকের চোখ আবার দূরবীণ ঠেলে মৃত্যু দেখে
জলের ভেতর ঘূর্ণিত মেদিনীর তৃষ্ণার্ত জিহ্বা তাজা রক্ত চায়।
সময় তখন নতমস্তক ক্রীতদাস..

আরেকটা টাটকা ক্ষত'র জন্ম আসন্ন, 
শাঁখ বাজাও সারথি..

(৫)

শব্দের চৌখুপী নিঝুম পাঁজরে ডানা ঝাপটালে এক লহমায় দেওয়াল ছুঁয়ে কবুতরি নেশা চুঁইয়ে পড়ে..
পান পেয়ালায় উপচে ওঠে বারুদের তুফান
ঠোঁট থেকে গলার নালি অবধি দাবানল প্রস্তুত।

চোখে চোখ রাখো কবি..
দ্যাখো, সাদা কালো ক্যানভাসে মৌতাতী ঋতুরঙ্গ।।

Comments

Popular posts from this blog

সম্পাদকীয়

আফজল আলি

বিশ্বজিৎ প্রামাণিক