বিহগ -জীবন
রাজু কর্মকার
নীলাভ গগন-বক্ষে স্বাধীনচেতায় ভাসতে ভাসতে সীমান্তে গুলির আওয়াজ পায় ওরা _ বিহগ -বিহগী। বিহগের হতাশায় সায় বিহগীর _"এরাই আবার সর্বশ্রেষ্ঠ জীব ! তার চেয়ে আমরাই আছি ভালো । " সত্যিই তাই । বাসা ছোট , কিন্তু ভালোবাসা গহীন । জাত-ধর্মের হিংসা -মারামারি নেই , সম্পত্তির খুন -জখম নেই , লালসার ধর্ষণ নেই । শুধু শান্তি -সুখ -স্বাধীনতা ! ভাবতে ভাবতে অনেকটা উড়ে গিয়ে গাছের ডালে বিশ্রাম নেয় তারা । নিম্নের গগন ভেদী আত্মচিৎকারে কেঁপে ওঠে ছোট্ট দুটি বুক । কচি কোমল ফুলে শয়তানী ছোবল ! ঝাঁপিয়ে পড়ে তারা,তৎক্ষনাৎ । ঠোকরাতে থাকে মুহুর্মুহু । নিজেকে কোন উপায়ে মুক্ত করে পালায় একরত্তি মেয়েটি । জল্লাদী হস্তে রক্তাক্ত বিহগ _"পালিয়ে যা বিহগী। তোকেও ছাড়বেনা । এরা মানুষ । এরা এরকমই । "

Fantastic.
ReplyDelete