সুতনু হালদার
গুঁড়ো গুঁড়ো অন্ধকার
সুতনু হালদার
মোবাইলে চার্জ ফোরানোর ঠিক আগেই
তোমার রিংটোনের মেঘ ঘনিয়ে এল,
এক প্রজন্মের জীবাশ্ম ঘুরেফিরে কোথাও বিদ্যুৎ হয়ে আলপথ ঘেরে,
আমি দেখি... পথ জুড়ে দাঁড়িয়ে থাকে অবকাশ
আমাদের প্রেম যখন আপেলের রং পেলো তখন-
নিউটনের প্রথম সূত্র!
কোথাও ধুলো লেগে থাকা সপ্তসুরের মূর্ছনাকে গোগ্রাসে গিলে ফ্যালে কতগুলো কাক;
অক্ষরের মতো চুপিসারে হারিয়ে যাওয়া কিছু রঙচটা নিরামিষ রোদ
মৃতজীবী বলে আজকাল আর কেউ পাত্তা দেয় না!
কিন্তু ওই রোদগুলো কখনোই ফাঁকিবাজ হয় না।
অমাবস্যার গুঁড়ো গুঁড়ো অন্ধকারকে চুরমার করে-
ওরাই আমাদের প্রেমের প্রথম অভিস্রাবণ হতে পেরেছিল।
একাকীত্বের মতো কর্মঠ
অথচ
ম্রিয়মান রূপ ধরে আমদের পারস্পরিক বিশ্রম্ভালাপ ;
বৃন্তের আন্তরিক আলিঙ্গনে লিখে রাখা প্রেমপত্রগুলো
আজও শিরায় শিরায় রক্তস্রোতের যন্ত্রণা বহন করে!
বাতাসের যাবতীয় অর্গাজম বারেবারে মনে করিয়ে দ্যায়
সমস্ত পথের শেষপ্রান্তেই একটি প্লাটফর্ম আটকিয়ে রাখা থাকে, আবহমান...

Comments
Post a Comment
Thank u..Valo thakun...