রাতের রিফিউজি













সৌরভ ঘোষ


শিমূল তুলোর বালিসে শুয়ে আকাশ ভাবতে ভাবতে,আজ চকোলেট রঙা দেওয়ালে ফুটে উঠল দুটো বুনো হাঁস।জোড়া।তারা হেঁটে বেড়াচ্ছে, উড়ছে আমার শুয়ে দেখা আকাশে।ঠোঁটে ঠোঁট ঠেকিয়ে ঈশারায় কি যেন বলছে।মনে হয় ভালোবাসার কথা,মনে হয় বসন্তের কথা,মনে হয় পাহাড়ে ফিরে যাবার কথা।
অন্য দেওয়ালে উলুঘাগরার বন।হঠাৎ নড়ে উঠল মনে হতে -তাকিয়ে দেখি,গোল টুপি পরা সেই শিকারী যে কয়েক দিন আগে মেরেছে আমার প্রিয় পক্ষীরাজকে।যার আর কোনোদিন আকাশে ওড়া হয়নি,আমারও সেইসব সুখের দেশ,অহিংসার দেশ,নিষ্পাপ লোভহীন অদ্ভুদ প্রাণীদের দেশ দেখা হয়নি ।বুনো হাঁসের চকচকে ডানার ওপর থেকে মেঘ উঠল বিদ্যুৎ চমকালো।একটা আওয়াজ হলো, 'দড়াম' আর একটা।চকোলেট রঙা দেওয়াল দুটো হাঁস ফুল হয়ে গেল।প্রেমের মত দেখতে ফুল দুটির রঙের নাম জানা নেই।
উলুবনের ওদিকে অন্যদেশ।শিকারী আততায়ী- ভালোবাসার নিহন্তা,সম্প্রীতির নিহন্তা।স্বপ্নকে বেছে বেছে হত্যা করে প্রতিরাতে।আমি রাতের পর রাত হরিণ- হরিণী,বাঘ - বাঘিণী, ব্যাঙ্গমা - ব্যাঙ্গমি এদেরও মরতে দেখেছি। মেরেছে ভীনদেশী শিকারী।শিকারী শুধু ওদের জীবন নেয়নি। কেড়ে নিয়েছে আর আমার শান্তি।ঘুমের ওষুধ খাই তাও ঘুম আসে না।প্রতিরাতে ওদের হত্যার সাক্ষী থাকি। রিফিউজির মতো সীমান্তের এপার ওপার দেখি।
প্রতি রাতে দেওয়ালে ব্যার্থ প্রেমের ফোটে তারপর ফুল হয় ,তারপর কোথায় মিলিয়ে যায়।     

Comments

Popular posts from this blog

সম্পাদকীয়

আফজল আলি

বিশ্বজিৎ প্রামাণিক