অনুরূপা পালচৌধুরী
২৭/৬/২০১৯
নির্লিপ্ত সন্ধ্যাকালের দহনমুখে আমার ষাটের যুবককে লেখা আংশিক দাহ্যকালি
ষাটের যুবক,
অনুরূপা পালচৌধুরী
চিবিয়ে চিবিয়ে অলস বাতির ফোটায় আপনি অভিযোগের চাদরে নিজেকে মুড়িয়ে ঘন চোখের অন্ধকারে অসুখ বলি দিই খরতাপের দুধপুকুরে। ধারাবাহিক গ্রন্থসুখের বৈধডালে পরাগমুখী মানসী এখন মানসজলের মন্ত্রপূত প্রেতনারী। যদি পরজন্ম মানেন তবে সে জন্মে আমিই আপনার গলিত বুকের রক্তমাংসের প্রথম নারী হবো। অমরত্বের রক্তপানে গতজন্মের পরিশোধিত ছত্রাকঘাতী আমিই হবো আপনার খননকালের শেষ নারীবৃক্ষ। শিরা উপশিরা ধুয়ে সুপ্ততাপের ঘরবদলে রোদমজুরের নির্বিকার ছায়ায় বিশ্বাস-অবিশ্বাসের শ্বাসটানে ভালো বাসা এখন খুঁজি না তবে ভালো থাকার বাসনামুক্ত হয়ে লোভহীন সকালের অপেক্ষায় সূর্যরত উপবাসীও হতে পারি না। পাতার পর পাতা শব্দের দুর্গন্ধ বমিতে নাড়িভুঁড়ি ছেঁড়া বর্ণবুকে এমন জায়গা কোথায় যেখানে নামহীন এক কুয়াশা গলতে গলতে দীর্ঘ নদী হয়! সে নদীর যে মৃত্যু হয় না যুবক! মৃত্যু নামক এক অজানা গন্তব্যে ফেটে যায় আমাদের পরজন্মের সলতেপাক। জড়িয়ে থাকা অভিমানের ভাগহীন বিষঘুমের জলীয় পর্দায় একটু একটু করে জমে ওঠে উত্তরগামী আগুনের খোরাকী নীলবাষ্প। সে বাষ্পের জোনাকবদ্ধ মেহগনি জানলায় আগামী ১০০ বছরের জোছনা পোড়া আলোচিহ্নে আলোচিত হবে শুষে নেওয়া সুষুম্নার বীতবেগ। সে শহরতলিতে আমারই ছায়াপথ জুড়ে হেঁটে চলে উপচানো সত্যের অন্ধকূপ। আঙুলের ডগায় এ বুকের গভীরতা ছুঁয়ে দেখুন যুবক, তুমিমাপক যন্ত্রণায় পালিত আমিটা ক্যামন পাতালিক পারদের খন্ডচুমুকে চুরমার হয়ে যায় প্রতি পালকের পলকখুনে।
ইতি
জন্মান্ধ কুয়াশার পুনর্জন্ম

Comments
Post a Comment
Thank u..Valo thakun...