সংযুক্তা পাল
কারখানা
সংযুক্তা পাল
যে লোকটার খোলা পিঠে
ঘাম রুইয়ে দেয় পরিশ্রমের দাগ
কারখানার গরম নিশ্বাসে
তার মাথা ভরতি ম্যাগমার তরল বুদবুদ ;
দিনের বেলা হাঁপরের আওয়াজ
যুদ্ধকালীন ততপরতায় তাকে বদলে দেয়
মানুষ থেকে শ্রমিকে।
মেশিনের ঝাঁ ঝাঁ আর কল-কব্জার ঢং ঢং...
ধাতব শব্দে পৃথিবী পাঠ করে চলে শক্তিশালীর গল্প।
রাতে সহজাত পুরুষ প্রবৃত্তি
লোহালক্কড়ের মত বেদোম পিটোতে থাকে
নরম শরীর।
যান্ত্রিকতা উপুড় হয়ে মাধবীলতা মাখে -
উৎপাদনের প্রয়োজনে সেখানেও গড়ে ওঠে
অস্থায়ী কারখানা।

Comments
Post a Comment
Thank u..Valo thakun...