মুরারি সিংহ
আমার হার্টফেল-করা হাঁটুর কথা
মুরারি সিংহ
এইসব সামান্য-দিনকাল আমাকে
বড়ো বেশি ব্যথাবাজ করে
মাথা-নিচু জীবনতীর্থে অবতীর্ণ হয়ে
পান করি নীরবতার দু চামচ হাসি
তারপর আবার গতরে জড়াই
রঙ-চটা ফিরিওয়ালার পোশাক
এক নষ্ট-কোষ্ঠী মানুষ আমি
নতুন-কেনা ফুলঝাড়ু দিয়ে
ইহকালের বিছানা সাফ করি
দেখে নিই আমার পরমায়ুর ওয়েভলেংথেও
মিউজিসিয়ান সাজার মতো দীপ্তি আছে কিনা
সাপলুডো ও বিষণ্ণতার তুমুল রানওয়ে ধরে
হাঁটতে হাঁটতে
মাঝে-মধ্যে আমারো তো সাধ যায়
ফোয়ারার কণ্ঠস্বর নকল করি
অবশ্য আমার তৃপ্তিও কিছু আছে
যেমন একলা-জানলার পাশে বসে
অঝোর বৃষ্টির পথরেখা বেয়ে
উধাও হারিয়ে যেতে চাওয়া
তারপরেই প্রশ্ন জাগে
এই ঘোরতর নাগরিক অবগাহণে
বৃষ্টি কি বেশিক্ষণ কারো মাতৃভাষা হতে পারে
অগত্যা ফিরে আসতেই হয়
ভিজে-কাকেদের স্মরণীয় আহ্লাদে
তখন আবার
ফুরোনো-উঠোন থেকে কিছু কোমলগান্ধার
বার বার হানা দিতে থাকে
আমার হার্টফেল-করা হাঁটুতে

Comments
Post a Comment
Thank u..Valo thakun...