তনিমা হাজরা
এমন সাগর থেকে উঠে আসছ
তনিমা হাজরা
এমন সাগর থেকে উঠে আসছ
যেন গভীর সাইক্লোন, সারাগায়ে বর্ষার কালো মেঘ মেখে
বলছ, এসো না, ভাসিয়ে নিয়ে যাই।
ওগো প্লাবন, কদিন আগে তো আসলে পারতে,
গত গ্রীষ্মের আগে,
তবে অন্তত আমার মাঠের শস্যগুলি বেঁচে যেতো।
এমন ঘাড় বেঁকিয়ে তাকিয়েছো দূরে,
যেন এক প্রচ্ছন্ন অবহেলা,
এই দুনিয়ার প্রতি,
যেন এক্ষুনি আছড়ে পড়বে আমার তটে।
হে প্রেমিক, আমি যে নদীর পাড়ের মোহিনী পলিমাটি নই
যে ফসল উপহার দেবো তোমাকে।
তীরের বালির মতো ঝুরঝুরে হয়ে গেছি কবে, হারিয়েছে বাঁধনের বা জলধারণের দক্ষতা।
তোমারও জলের ভেতর মিঠেস্বাদ কই, শুধুই যে লবণ।
তবুও কি কারণে বারবার আসো ফিরে ফিরে,
কি কারণে রেখে যাও নোনাস্বাদ
কি কারণে লিখে যাও অবিশ্রাম ঢেউয়ের কাব্যকথা,
বিস্তারিত বন্ধ্যা ধূ-ধূ অনুর্বর তীরে।

ভালো লাগলো।
ReplyDelete