মোস্তফামঈন













অপরাহ্ণের টলোমলো জল

মোস্তফামঈন

  
ছোটবোন অপরাজিতা দাঁড়িয়েছিলো
দেউড়ির ধারে।
ওর চোখে ছিলো অপরাহ্ণের টলোমলো জল!
মা আঁচল টেনে চোখ মুছে দিচ্ছিলো।

আমার কাঁধে ট্রাভেল ব্যাগ দেখেই
লাল গাভীটা বুঝতে পেরেছিলো
আমি শহরে যাচ্ছি -
সে হাম্বা ডাক ছাড়ছে!
আমি স্টেশনের দিকে ছুটছি বলে
এঁড়ে বাছুরটাও ফ্যালফ্যাল করে তাকিয়ে-

তখন থেকেই লাল্টু লেজ তুলে আমার
পিছু নিয়েছিলো।
আমার ধমকানিতেও কাজ হচ্ছিলো না।
পাড়ার দুষ্টু ছেলেরা 
ওসব দেখে ফিকফিক করে হাসছিলো।

অঘ্রানের পাকা আমন ধানখেতের আল ধরে
সে এখন আমার পিছু পিছু হাঁটছে।
ঘাসপোকা
আর ফড়িঙগুলো আলের দুধারে ধানখেতে
লাফিয়ে লাফিয়ে পড়ছে।

অপরাজিতার জন্যে
আমি যখন বারবার পেছন ফিরে তাকিয়েছি
লালদি তখন হাত তুলে দাঁড়িয়েছিলো
আমাদের পুকুরপাড়ে
বকুলতলায়।

ভিড় ঠেলে আমি তখন ট্রেনে চড়ে বসেছি।
লাল্টু আঁতিপাঁতি করছে।
আমি জানালা গলিয়ে মুখ বার করে
ওকে ডাকছি, লাল্টু লাল্টু!

ততোক্ষণে ট্রেনটা হুইসেল করে ছেড়েই দিয়েছে।
আর ট্রেনের সাথে পাল্লা দিতে দিতে লাল্টু
দৌড়াচ্ছে
দৌড়াচ্ছে
দৌড়াচ্ছে...

নিরাশ হয়ে লাল্টু কখন থেমেছিলো আমি জানি না।

আমার বুক ভেঙে যাচ্ছিলো
আকুলি-বিকুলি করছিলো আমার মন
লালদি, লাল্টু, অপরাজিতা, মা!
আমি কী সব ছেড়ে ছুড়ে চলে আসবো মা?
মা তুমি কী এখনো দোরগোড়ায়
দাঁড়িয়ে কাঁদছো!

Comments

Popular posts from this blog

সম্পাদকীয়

আফজল আলি

বিশ্বজিৎ প্রামাণিক