সুমনা পাল ভট্টাচার্য
একদিন...
সুমনা পাল ভট্টাচার্য
মুঠোর ভেতর দুরন্ত বালুর ঝড়। করতলের অলি-গলি হেঁটে, এক্কেবারে ঝিমধরা ক্লান্তিতে ঘরে ফেরে সময়...
মা বলতো, ওর নাম নাকি দু:সময়, দরজায় দরজায় কড়া নেড়ে যন্ত্রণার আল্পনা এঁকে যাওয়াই ওর কাজ। তেতে ওঠা চাটুর উপর যখন মড়মড় করে ঝলসে ওঠে সুখপাখি, তখন ডানা ঝাপটানো ধোঁয়ায় চোখে জ্বালা ধরে, গলার ভেতর ফুটন্ত তরল থেমে থেমে নেমে যায়...
স্পষ্ট হয়ে ফুটে ওঠে ব্যথার কুণ্ডলিনী।
:
বাসি রোগশয্যার পাশে দীর্ঘদিন লেখা থাকে অসুখের নাম।
ভ্যাপসা ঘরের জানলায় জংধরা নিষেধ। এ ঘরের আকাশ দেখার খিদে রোজ একটু একটু করে ভাঙা ডানার নীচে ঘুমিয়ে পড়ে....
একদিন, কেউ খুলে দেবে মুঠো, শান্তির চন্দন কপালে ঠেকিয়ে, ধুয়ে দেবে সব তাপ...
সেই একদিন...
ঝড়ের সামনে সাদা কেতন ওড়ানো 'একদিন'। ঘুমের খাদে মুখ লুকিয়ে পাথর ভাঙার 'একদিন'.....
তোমার ধ্বনির প্রতিধ্বনি হওয়ার অপেক্ষায়,
সেই 'একদিন'.....

Comments
Post a Comment
Thank u..Valo thakun...