সবর্না চট্টোপাধ্যায়
প্রিয় পাঠিকা
সবর্না চট্টোপাধ্যায়
মৃত্যুর একমাস আগে চিঠি দিয়েছিল
কালো গাউনে দাঁড়িয়ে থাকতে চায় হলোং এর মায়াবী বারান্দায়…
চাঁদ তার রেলিয়ের ধারে
চুম্বনে মাতে বাঘ ও বাঘিনী।
শক্ত শিরদাঁড়ায় বাইশ হাজার কালসিটে
জমাট রক্তের ওপর ঝলসানো শিকের দাগ
সমস্ত যন্ত্রণা দিয়ে সে সাজিয়ে তুলবে বলেছিল আমার কবিতাদের।
শেষবার লিখেছিল সে, তিস্তাকে ছাড়ার আগে
যেন সমস্ত জল তার গর্ভাধীন হয়।
খরস্রোতে বয়ে তার একমাথা চুল…
যতবার তার পরাধীন সময়, চোখে আঙুল ঢুকিয়েছে অধিকারের দাবিতে,
ততবার কোন প্রশ্ন ছাড়াই খুলে রেখেছে চাঁদের নোলক।
যদি একবার সে নগ্ন হতে চায়, স্বেচ্চায়
আমি কি তাকে কঙ্কাবতী বলি?
নাকি এক নদী সাগরে মুক্তি দাবি করে?

Comments
Post a Comment
Thank u..Valo thakun...