লোরকার না-লেখা কবিতা
লোরকার না-লেখা কবিতা
সুশীল হাটুই
কত্থকমুদ্রার ছায়া ধরে পৌঁছে গেলাম
নকশিকাঁথার বেডরুমে।
এখানে এসেই দেখছি, মেঘমল্লার কীভাবে
হারমোনিয়ামের শীৎকার অনুবাদ করে।
বৃষ্টি রিমঝিম ওড়াচ্ছে। আমি জানালায়
কান পেতে শুনছি হায়ারোগ্লিফিকের ফিসফাস।
একটা ব্রহ্মময়ী সাইকেল স্লিভলেস মাইলস্টোন-
গুলি খেয়েই চলেছে।
মাসরুমের নীচে ব্যাং-কিশোরী ভেঙে দিচ্ছে
ডিঙিনৌকোর বিষাদ।
আমার লোমকূপে লোরকার না-লেখা কবিতা।
ভয় হচ্ছে। কবিতাগুলি যদি কেউ হত্যা করে...

আপনার প্রতিটি সৃষ্টি আমাকে স্তব্ধ করে।
ReplyDeleteসমৃদ্ধ করে...