মাধবীলতা
মাধবীলতা
সবর্না চট্টোপাধ্যায়
নদীতে ফুটেছে ফুল এইবার হাতটি ধরো
কোন অছিলায় তবে আনমনা অপেক্ষা করো!
সারাটা কপালে ঘাম ভুল হয় সেলাইয়ের ঘর
বাগানে দেখেছি আমি, পাখিদের পাতানো সংসার।
সবটা বাঁধবে জানি তবু কিছু বলে রাখা ভালো
তুমি তো আঁধার মাঝে জ্বেলে দাও প্রদীপের আলো।
ভালোবাসা কমে যায় লোক জানাজানি হলে
তবু রাধা গেয়ে মরে, শুধু আড়ালে আড়ালে?
এসো প্রিয়সুখ আজ হাত রাখো সাইক্লোন ঝড়ে
শরীরে চড়ুক বিছে বিষধর দাঁতের কামড়ে
হাত পাতো। বেঁধে রাখো আজ অবুঝ সুতোয়
বসন্ত আসছে কেন বারবার নানান ছুতোয়?
ঠোঁট নামুক আলোয় ঠোঁটের আরও আরও কাছে
রাঙা মাধবীলতায় আজও ফুল আসে মাঝে মাঝে!

সেলাইয়ের ঘরে জীবনের ঘর...
ReplyDelete