আমিনুল ইসলাম
ইনটারভেল
আমিনুল ইসলাম
১)
যন্ত্রনাগুলো কেন্দ্রবিন্দুতে একজোট হলে
প্রেসক্রিপশনে ছড়িয়ে পড়ে কালি
বাবুরা আমার শরীর কেটে ছিঁড়ে
এঁকে দেয় পৌরাণিক লিপি
তাদের একজন আমার চেনা হলে
বন্ধুত্বের প্রতিবন্ধকতাই আরষ্ঠ হয়।
কেউ কেউ সংগোপনে সঙ্গ ছাড়ে
চলে যায় নির্জন উচ্চারণের খোঁজে--
২)
ঘুমের পিলগুলো আজ গেরুয়া রঙের
ছোট ছোট নাটকের চরিত্র চুষে নিই
হৃদয় উত্তাপ।
ডিগবাজি খাওয়া কথারা
সূত্রে বাঁধা পড়লে, উদ্দাম নৃত্য
দেখে যাও যত অন্ধ কাঙাল__
ভিখারীর বাঁশি আজ এনেছে
' আনন্দ ভৈরবি ' কান তাই পেতেছি রাস্তায়...
৩)
ধূপের ধোঁয়া থেকে অথচ পায়
শরীরের আঁশটে গন্ধ
খুব চেনা মুখ বেঁকে যায় জলের তলে,
দুটি চোখ নিক্ষেপে অনবরত ভিজিয়ে দি
ডিজিটাল ভিউ
আমি শশাঙ্কের রাজধানী থেকে সিরাজের
নবাব প্যালেস অবধি পড়ে থাকা পথ।
কোথাও জীর্ণ, কোথাও দৈন, আবার
কোথাও চওড়া করেছি বুক।
বারুদের গন্ধে শুকিয়ে গেলে গাছ,
বৃষ্টি রেখে যায় সেখানে।
৪)
দৈনন্দিন যাপনের পদ্ধতিগুলো
হারিয়ে যাওয়ায় অসুস্থ বিছানা আজ
নীল অন্ধকারে মাথা গুঁজে দিলে
হিমালয় অভিযান থেকে পাঠিয়েছি
সবুজ বাতাস ভরা ঠান্ডা খাম।
৫)
ফুল বাগান থেকে উঠে আসা-
কেউ খোঁপায়, কেউ বুক পকেটে
আশ্রয় নিলে, অভিমান শব্দটির জন্ম হয়।
তাহলে, সব অভিমানের জন্মলগ্নে যে
ফুল ফুটবেই একথা বলা যায় না।
প্রভাত দা'র কাছে শিখে নেব নুন-ভাতের গল্পঃ
বানানের হ্যান্ডবুক' এনে দিলে নাসের'দা
আমি ফিরে যাই সিপাহী বিদ্রোহে
ব্যারাক স্কোয়ার আজো শুয়ে আছে
গন্ধ নিতে শনিবারের...
৬)
দ্বিচারিতাগুলো নানা রং মোড়কে সাজিয়ে নিলে,
অভিনয়গুলো পোশাকে রাঙিয়ে দিলে,
তুমি হয়ে উঠবে পেশাদার।
পেশাদার হওয়ার তাগিদ, কত পেশা
মেরে খায় নগদ নারায়ণ।
আমি প্রণাম টা সেরে ফেলি তড়িঘড়ি!!
৭)
কলম থেকে কলমি লতার দুরত্ব মাপা না হলেও-
আন্দাজ করা যাবে, এখানে মাত্র এক শব্দের
অন্তরাল।
অন্তরালে লুকিয়ে রাখা চতুর বিড়ালটিকে,
আমি বাঁশ বনে ছেড়ে এলাম।
ক থেকে ক'কে একত্র করতে, এখানে-
পরিপক্কো শব্দের আবির্ভাব হল।
ল্যরিয়েল দিয়ে পাকা চুল অনায়াসে কাঁচা করা যায় !
৮)
তুমি জানো না বাঁশিতে কিভাবে ফুঁ দিতে হয়।
ভাতের গন্ধে ভরিয়েছ পেট শুধু।
অনেকের কাছে তো এটাই অনেককিছু
সবকিছু, অনেক কিছুর বাঁধন টপকে যায়।
টপকে যায়, ধানের শীষ আলপথ।
টপকে যায়, ব্যথাদীর্ণ সরু গলি
শহরের ধমনী জুড়ে বারুদের কানাগলি
অলিগলি ফুঁড়ে, বেড়িয়ে পড়ি মাস্তান আমি।
ভাতের গন্ধ আজ জিভে জল আনতে অক্ষম হলেও
বাঁশিতে ফুঁ দিয়ে ছোটাতে পারি বারুদের ঘোড়া।
ঘোড়া ছুটছে, গন্ধ উড়ছে,
ঘোড়া ছুটছে টগবগ টগবগ।।
৯)
আদর দিয়ে সাজিয়ে রেখেছি
ঠোঁটে ঠোঁট মিলিয়ে পাখি বসে আছে ডালে।
আহা! শীতল ভালোবাসা ফেলে জল
উড়ে যায় ডানা মেলে পাখিদের খোঁজে।
আমি জানালায় আইনার গল্পদের মুক্তি দিই।
তারা জোট ভেঁঙে কথা হয়,
ছড়িয়ে যায় দিকবিদিক।
১০)
আরাম কেদারায় ক্লান্তিগুলোকে
বসিয়ে -
ব্যস্ততাগুলো টেবিলে সাজিয়ে
ডুবে যাচ্ছি বিছানায়।।
১১)
ভিড় করে দাঁড়িয়ে আছ কেন?
জানো না একশো তিরিশ কোটি।
লাইনে এসো বাছা
বঞ্চিতদের পোঁদে চুমু খেতে, বেঁচে নেই আর প্রণম্য শক্তি।
তবু, এসো ইংলিশ সাজিয়ে রেখেছি টেবিল।
এক কোনে ফাঁকা চেয়ারটিতে বসো,
স্পেশাল কোটা।
বাকিরা লাইনে এসো
জটলা বেঁধে হুমড়ি খেওনা আর -
একশো তিরিশ কোটি থেকে আমাকে বাদ দিলে,
তুমি, তোমরা, সে, তাহাদের, তাকে, ইত্যাদি ও বাকিরা
ধৈর্য ধর।
ইংলিশ খাও ও ইংলিশ বলো সমস্বরে।।

Comments
Post a Comment
Thank u..Valo thakun...