সৌরভ ঘোষ
গর্জে ওঠো,অন্যায় হচ্ছে
সৌরভ ঘোষ
বিধবার গ্রামীণ সম্পদ ভেঙে তছনছ
উঠোনে একটাও ব্যঙ নেই, সাপে সাপারণ্য।
চৌত্রিশ বছর ধরে যে পরিবার বাস করতো,
ভালোবাসা থেকে ভালো থাকা-
আজ হিংসে ফুলে গাঁথা মালা।
দৈনিক অশান্তি,রোজ রোজ কাছারি অবধি দৌড়ায়।
গ্রাম বিধবাকে মারতে চায়,
তার পরিবারকেও শেষ করে দিতে চায়
যে কোনও অজুহাতে...
বিধবা অকাল বৃদ্ধা,ঘরে এখন একলা ;
জ্ঞানত কারও ক্ষতি করেনি,ভাবেওনি।
গ্রামের সবাই নিঃশ্বাস...একান্ত নিজের...
গ্রাম মানে এখন পোষাকি ভদ্রলোক ,
যাদের মনে গ্রামীণ রুচির জ্বালা,
যাদের উল্লাস শিক্ষা পোড়া ছাই মেখে;
যাদের অস্ত্র সাঁওতাল,বাগদি,দুলে।
যারা তাল বুঝে কেটে পড়ে।
বিধবা নীরব, ওরা গালি দিয়ে সুখ পায়।
রাতে দরজায় লাথি মারার সুখ মনে হয় আরও বেশি!
স্বপ্নের গ্রামে ভদ্র'রা জঞ্জাল।
অন্যায়ের প্রতিবাদ যে ঘোর অন্যায়...
প্রতিদানে কুচিকুচি রোদ,তীব্র ঘূর্ণি ঝড়, গাছ ভেঙে পড়া।
বিধবার বাকি পরিবার সিরিয়ার মত দেশ ছাড়া,
এখানে গ্রামছাড়া।
বিধবা কবিতা লেখে সেটাও ওদের জ্বালা।
সব শেষ হওয়ার আগে,
জেগে ওঠো আমার নিরীহ ভাই বোন,
দাউদাউ করে জ্বলে ওঠো রাবনের চিতার মতন।
আমি বাড়ি চাই না, গাড়ি চাই না;
তোমাদের কোনো প্রলোভনে বোঝাতে চাই না।
নিজেরাই বোঝো, "তোমরা কত মূল্যবান" !

Comments
Post a Comment
Thank u..Valo thakun...