কুমারেশ তেওয়ারী













খনন

কুমারেশ তেওয়ারী

নিজেরই ভেতরে নামি তরতর দড়ি 
ছুঁয়ে ছুঁয়ে দেখি কোনখানে ছিঁড়ে আছে
তারের কথন/
ঢিলে দেখে টান দিয়ে দেখে নিই বাজার ধরন

সুরের আলাপ থেকে বের হয়ে আসে সন্দীপন আলো/

তবু মাঝে মাঝে ভেঙে গেলে বেড়ালের ঘুম
কৃষিক্ষেত্রে বিষ ঢালে অসমাপ্ত সাপ
আলের শরীর থেকে ভীত সরে যায়
রোদের বহর/
পরমের হাত থেকে খসে পড়া বাঁশি 
ঠোঁটে তুলে উড়ে যায় নীলবর্ণ পাখি

কালপুরুষের মুখে মৃদু হাসি বলে দেয়
আঁকড়ে ধরারও আছে নিয়ম-টিয়ম

তির চলে গেলে একবার
মিথ্যের ভেতরে কাঁপে রসাত্মক ফল।

Comments

Popular posts from this blog

সম্পাদকীয়

আফজল আলি

বিশ্বজিৎ প্রামাণিক