গোলাম রসুল













নিদারুণ ছায়া

গোলাম রসুল 

সন্ধ্যা নামছে 
আমি চেয়ে রয়েছি আকাশ যেখানে লোহার শিকল ছিঁড়ে পালিয়ে যাচ্ছে একা
আজ মরণের উষ্ণতায় গরম হয়ে দাঁড়িয়ে রয়েছে পর্বতমালা 
সোনার বালতি থেকে মেঘ ঢেলে দিচ্ছে নিষ্পলক বৃষ্টি আমাদের সেই চেয়ে থাকায়
বৃষ্টি পড়ছে খুব আস্তে আস্তে মানুষের পরাজিত হওয়ার মতো
সূর্য উঠে বার বার ডুবে যাচ্ছে সেই বৃষ্টি ফোঁটার মধ্যে
আমাদের অনুমান যে শূন্য তাও যে নির্ণয় করছে ভুল
চাঁদ আর বাঁশগাছ
উঠোনে কোরিয়োগ্রাফি
বালির ওপর দিয়ে ভেসে চলেছে পথিক
ভরা সন্ধ্যায় রোজ এখনই নিদারুণ হয়ে উঠে ছায়া
আমি জানিনা সে রাত্রিতে তারারা জেগে ছিলো কিনা
সারা আকাশে এত কাটা ছেঁড়া দাগ আমি সহ্য করতে পারছিলাম না
এখনও শূন্য পুড়ছে মৃত পশুর মতো
শহরের রান্নাঘরের ধোঁয়া জড়িয়ে রয়েছে দূরবর্তী পাখিদের সংলাপ
গণিকারা পুনরায় সংস্করণ করছে তাদের চতুর্দশ পদাবলীর বই 
আমরা বার বার মৃত্যুর উদাহরণ তুলে ধরছি
গাছের বাড়ে নিশ্চুপ মালগাড়ি 
এবার দু'টি গোটানো ভাঁজ করা অন্ধকার খুলে ধরবে আমার ভেতরের কেউ একা 

Comments

Popular posts from this blog

সম্পাদকীয়

আফজল আলি

বিশ্বজিৎ প্রামাণিক