হরিৎ বন্দ্যোপাধ্যায়
ভীরু উচ্চারণ
হরিৎ বন্দ্যোপাধ্যায়
আর তারপরেও কিছুটা সময় পড়ে থাকে
গাছের তলায় ছড়িয়ে সূর্যের যাবতীয় কথা
আমার অক্ষর পরিচয়ের পরে শব্দের পাঠ নিই
কোথা থেকে উদ্দাম স্রোতের মতো
খালি গায়ে ছুটে আসে কিছু সরল বাক্যবন্ধ
খুব উঁচু থেকে কিছু শহুরে সংলাপ মুখে নিয়ে
অনভ্যস্ত হাত বাড়িয়েছিলাম তাদের দিকে
রসালো আমের মতো রঙিন হাত দেখে
তাদের গা থেকে ভেসে এসেছিল ধাতব আওয়াজ
আত্মশ্লাঘায় নিমজ্জমান আমার যাবতীয় অঙ্গপ্রত্যঙ্গ
অলিগলির গোলকধাঁধায় ঘুরে
যখন বড় রাস্তায় এসে দাঁড়িয়েছিল
একফোঁটা জলের জন্য কী তীব্র হাহাকার
আড়ম্বরের হাত ধরে তো জল আসে না
তাই একটাও বাঁশি বাজে নি
বাঁশবাগানের ভেতর একবারও ঝেঁপে বৃষ্টি আসে নি
তবুও আমি গুটিয়ে নিই নি সুতো
বরং মেলে ধরেছিলাম আমার সমস্ত
অর্ধসমাপ্ত সংকীর্ণমনা অক্ষরের ভীরু উচ্চারণ

Comments
Post a Comment
Thank u..Valo thakun...