উজান উপাধ্যায়
ফাঁদ
উজান উপাধ্যায়
বেটা বেটির জন্ম দিতেই একটা ছুরিকাটা দাগ এবং সেলাই এর ফুটোগুলো মা কে চিনিয়ে দেয়।
গাছের ভিতরে এভাবে সিজর চলে কিনা, ফুলের গর্ভাশয়ে এমন সেলাইদাগ-
জন্মের প্রকাশিত রূপ স্বভাবতঃ যেভাবে হুমড়ি খেয়ে নিরিবিলি কাচঘর, জীবাণুর দাঁত নখ ষড়যন্ত্রী ছক ঠেলে কুচিকুচি ফালিফালি করে ফেলে জীবাশ্মের অন্ধকার ঠোঁট-
মৃত্যু তো আমাকে যুক্তিহীন পিতৃপরিচয়ের ইশারা ইঙ্গিত আর হম্বিতম্বি ভেঙে দিতে বলেছে একটানা
কয়েক পর্বেই-
আমি এই বর্ণমালা লয়ে নিষিক্ত প্রশ্রয়ের যুথবদ্ধ শীতল প্রণালী বিন্যাসকে তর্জনী দেখিয়ে ফেলি।
শূন্যে কুড়িয়ে পাওয়া দোয়াতের জিভে অনিঃসীম যে পলিমাটি তছনছ করেছে আগুন, ছিন্নভিন্ন পোশাকি নৈঃশব্দ্যের ছয় রাগ ছত্রিশ রাগিণীর
নিহত তান্ডব।
মহাভারতের মাঠে আসলে যে অতলস্পর্শি ভ্রমণ উদ্যোগ- মৃত্যুর দাগ কাটে কৃপার বুদবুদে-
গৌরব কে কেড়েছিল কৌরব না পান্ডব-
আজও কত গল্প ভাঙে বস্ত্রহরণ আর ভোগ্য বন্টনে-
মহাকাব্যে বাল্মীকি এবং বেদব্যাস কিভাবে গুপ্ত অক্ষরে লুকিয়ে গেছেন অগণিত জননীর তলপেটে লিখে রাখা তমসা বিধৃত, অনিশ্চয় বিম্ব কল্প দাগ।
সেলাই খুলে খুলে, জন্ম
দাগ ভুলে ভুলে এখনও
প্রতিটি গহ্বরে গান্ধারী ও মধুসূদন লিখে যাচ্ছেন
অমৃত মন্তাজ।
মৃত্যুর যে লক্ষ লক্ষ নদী নালা খাল বিল স্পাইরাল নীলজ প্রবেশ, যুদ্ধ কিম্বা ধর্ম নিঙড়ে
কখনও পূর্ণ নয় লাবণ্য, বিষাদ।
প্রতিটি লেবার রুমে মহাকাল লিখে চলে মহাকাব্যিক ফাঁদ।

Comments
Post a Comment
Thank u..Valo thakun...