তাপসী লাহা
না হওয়া কবিতা
তাপসী লাহা
কবিতা হচ্ছে না........ ধ্যুর
স্বপ্ন ছাড়া কবিতা লিখলে ছন্দ কাটে,শব্দের সাজোয়া গাড়িটা কাইচের মত....... অফুরন্ত কেরালা দৃশ্য,সবুজ পাতার সোনার মত রোদ,রোদের খামে বাড়াবাড়ি রকমের ফ্যাসিনেশন.....
কিয়দশক্ষন শুধু রোদ লেগে পৃথিবীটাই চোখের কাছে বিভ্রম শুধু,লেন্সের বা এঙ্গেলের কিছু ব্যাতিক্রমী ভুল......ফটোগ্রাফারের বাস্তুদোষ , ঘুঘু নেই কারণ একটা চিলেকোঠা বা চড়ুইখোপে যতটুকু দুঃখ ধরে তার থেকে এক ছিলিম ইতরের আঙ্গুলে প্রাণায়াম ধরে যায় এমন সি সিকনেস সাইড গুলো ভাবলে গা গুলোয়,উফফ হবে হবে করছে, কিন্ত আতঙ্কে আমার নার্ভজোন টু হুইট টু হু মারছে, প্ল্যাস্টিক গোছাতে ভুলে গেছি ঘর থেকে বেরোবার সময়,লাগেজ জুড়ে খালি চর্যাপদ ও মোগাম্বো।
খুশ তো বহুত ছিলাম কিন্ত মিস্টার ইন্ডিয়া আমাকে ভুলিয়ে দিলো আসলে আমি তপস্যার ম্যাটেরিয়াল।এসব চাম্মিচাগলি টেকফেক কোনদিন আমার পাসওয়ার্ড ফ্রেন্ডলি হয়নি।
আমার হাতেখড়ি সাধারণ স্লেটে।টিনের বাক্সবোঝাই বইখাতাওয়ালা স্কুলের স্মৃতি ...... এখনো নোটিফিকেশন এলার্টে।এসবের পরেও আমি ফিরে আসছি হ্যালোজোনের অন্ধকারে..... কষ্টগুলো জ্বলছে জোনাকির মত।
সাদাভাতের মত কবিতারা ডাকছে...ক্ষিদা বাড়ছে ক্রমশ..... আরো......
কোকরনাক হ্রদের পাশ দিয়ে বইতে বইতে তরীখানায় আমার তপস্যারা মিউজের অভাবে মরণাপন্ন। পেগাসাসের ঘোড়া এইমুহুর্তে পাওয়া যাবেনা,অগত্যা কোকোস ন্যুসিফেরা আমাকে হাই করলে আমি জল ভিক্ষা করলাম,হিপোক্রিনের স্বর্গীয় সুধা শুধু এ জোনের খেলোয়াড়দের জন্য। ক্যাটেগরির জন্য হত্যে দিয়ে পড়ে,মাঝে সাঝে হার্বালে চেষ্টা করছি, মরা গাছ বাঁচানোর জন্য।চেষ্টা করছি কম ঘুমানোর....এতে হার্ট ভালো থাকে।
কারণ শব্দগাছের উনত্রিশ নম্বর শাখার সাড়ে তেত্রিশ নম্বর ব্লকের সমস্ত প্যাসেজ ব্লকড।
কিবোর্ডের বেশরম দাপাদাপিতে মাঝে মাঝে তিনটে শব্দ নাচছে :::
১)স্বপ্ন,
২)ঝুরোফুল,
৩)ফুওওওওল।

Comments
Post a Comment
Thank u..Valo thakun...