সুতনু হালদার
ক্ষয়ে যাওয়া দুপুরের গন্ধ
সুতনু হালদার
নিজস্ব দুপুরগুলো বয়সের সাথে সাথে আস্তে আস্তে ক্ষয়ে যায়, যে নদী একান্তে মেঘের সাথে মিশে থাকত, সেই নদীই যেন মোহনায় অচেনা!
স্রোতের বদল হয়। অচেনা অক্ষর মক্ষীরানি হয়ে গুঞ্জন তোলে, রঙের ঘোর বর্ণালীকে পরিচিতি দিলেও গোপন অভিসারের কথা চেপে রাখে
অভিসারের প্রাগৈতিহাসিক গন্ধ আজও যথারীতি যুবতী হয়েই জ্যোৎস্নার আলোতে মমত্ব মিশিয়ে দুধ আর জলকে আলাদা করতে ক্রমান্বয়ে ব্যর্থ!
এরপরই চারকোল, ভুষাকালি-অঙ্গারের ছোঁয়াচে
প্রতিবিম্ব ঘিরে থেকে যাওয়া বৈষয়িক হীরের
স্বপ্নদোষের আস্ফালন...
শক্তির মহোৎসাহ ঢেকে যায় মুখোশের বাহুবলে-
জ্যামিতিক বিচূর্ণিত রাশি, শব্দ, জঙ্ঘার বিমূর্ত অনুভূতি, নাক্ষত্রিক যৌনরস মিশে যায় প্রেমের প্রমার অমর্ত্যে
তবুও মনের কার্নিশে লেগে থাকা জারজ প্রেমের বীমাগুলো প্রতি রবিবারে প্রিমিয়াম নিতে আসে, একা...
কোথাও যেন নিজস্ব নিঃস্বতাগুলো
রেখে গ্যাছে হস্তিনীর মতো আঁশটে যৌনগন্ধ

অসাধারণ লেখা। এ লেখায় নিরীক্ষার বিভবে মিশেছে এক কোমল বিষণ্ণতা। ভালোবাসা ভাই।
ReplyDeleteঅনেক ধন্যবাদ জানাই তোমাকে উজান। কবিতাটা তোমার ভালো লেগেছে জেনে আমারও খুব ভালো লাগল। ভালো থেকো ভাই।
ReplyDelete