দেবযানী ভট্টাচার্য্য
সংরক্ষণ
দেবযানী ভট্টাচার্য্য
একটা স্টেরেলাইজড বোতল খুঁজছি,
হোঁচটগুলো বড্ড এলোমেলো-
টের পাওয়া যাচ্ছে না,
ইমিউনড হয়ে যাচ্ছি কি!
এইসব মিস্টিক ব্যপারস্যাপার ঘটতে
থাকলে নিজেকে এলিয়েন মনে হয়,
আর ইয়ে,
বড্ড কান চুলকোয়-
তাহলে ওই সমাধানটাই
সাব্যস্ত - আফটার অল
হোঁচটগুলো কনজার্ভ করাটা
বেজায় জরুরি -
ঠিক কিনা ,বলুন!
সেই কোন ফ্রকপরা দিনের
পোষ মানানো অভ্যেস-
হঠাৎ নেই হয়ে গেলে ...
একদিন লম্বা লাফে লাইমলাইটের
আকর্ণ কৃতজ্ঞতায় গলতে গলতে একঘর বিশিষ্টজনের হুল্লোড়ে মাউথপিস আঁকড়ে বোকা বোকা কবিতাও পড়ে ফেলতে পারি অনায়াস !
হোঁচটটা নেই হয়ে গেলে
বেহিসাবী লাফে অনিবার্য মাসল অ্যাট্রফি -
কেঁপে যাওয়া গলায় আবেগের স্যুইট অ্যান্ড
সাওয়ার স্যস , আর চাহনিতে….
সবকিছু বলা কি জরুরি!

Daruuuuun
ReplyDelete