সুজান মিঠি














পুতুল খেলার জীবন

সুজাতা মিশ্র(সুজান মিঠি)


জানো মা, গতবার জন্মদিনে
বাপি যে পুতুলটা দিয়েছিল আমায়,
সেই লাল রঙের জামা...সোনালী চুল...
চোখ পিটপিট করে,হাসে!
ও আমার খুব প্রিয় জানো তো,
নাম রেখেছিলাম আদর করে..মিষ্টি।

ওর মা হয়ে ওকে স্নান করাতাম,
চুল আঁচড়ে পোশাক পরিয়ে
স্কুলে পাঠাতাম কত যত্নে;
ঠিক যেমনটা তুমি করতে আমায়।
ঠিক যেমন টা আমি তোমার মিষ্টি
  'ছিলাম'।।

মা,আমি আর পুতুল খেলবো না মা,
আমি আর কখনো মিষ্টিকে আদর করবো না।
গুঁড়িয়ে যাওয়া কাঁচের গেলাসের মত
আমি টুকরো টুকরো হয়ে গেছি-
আর সেই টুকরো ক্ষত করেছে আমাকেই,
সারা শরীর...আমার মুখ...আমার হাত পা
সব সব সব।

মা,আমি পারিনি জানতো
পাঁচ বছরের শরীর টাকে দুর্গা বানাতে পারিনি,
দশভূজার মত দশ হাতে অস্ত্র নিয়ে 
ঝলসে উঠে বলতে পারিনি--
অসুর শয়তান, তোদের ধ্বংস করবো আমি,
পাঁচ বছর নয়, আমি 
যুগ যুগান্ত থেকে বহু বছর ধরে
অস্ত্র উঁচিয়ে আছি তোদের
লোলুপতার দিকে।

পারিনি, মা, পারিনি।

বারান্দায় বসে মিষ্টি আর আমি খেলছিলাম একমনে,
পাশের বাড়ির কাকু, যাকে বাপি
কত্ত ভালোবাসে,
এসে আমায় জড়িয়ে ধরে বলল
'চল সোনা,মেলায় যাবি? আরো 
মিষ্টি পুতুল পাবি!'
তোমায় না বলে চুপিচুপি গেলাম,
কোথায় গেলাম বলোতো! মেলায়?
নাকি......
এ কোন মেলা, মা!!

কাকু আমায় কি মেলা দেখালো, মা!
পাঁচ বছরের শরীরটা ভাসিয়ে দিলো নর্দমার জলে,
আমার মিষ্টিকে টুকরো টুকরো করে
ছিঁড়ে খেয়েই ফেললো হয়তো!

নর্দমার জলে ভাসছি আমি
ভেসে চলেছি মা...আমি ভেসে চলেছি।

একটা দুর্গা দশভূজা হয়ে গর্জে উঠবে কবে বলোতো?
একটা দুর্গা ছিন্নভিন্ন করবে অসুরকে কবে?
কবে আর কোনো নর্দমার জলের রঙ লাল হবে না রক্তে?
আর কোনো মিষ্টি পুতুল ছিঁড়ে কুটিকুটি হবেনা,
কবে মা কবে?!

আমি নর্দমায় ভাসছি মা,
আমার সারা গায়ে পাঁকের গন্ধ,
আমায় স্নান করাবে না মা?
আমায় ঘরে নিয়ে যাবে না?

Comments

Popular posts from this blog

সম্পাদকীয়

আফজল আলি

বিশ্বজিৎ প্রামাণিক