বিশ্বজিৎ প্রামাণিক















মৃত্যুর পরের মৃত্যু

বিশ্বজিৎ প্রামাণিক

তোমার পরণে থাকবে বেগুনি রেইনকোর্ট,
ভেতরে ভেতরে শুষ্ক হয়ে উঠবে তুমি,
ঘামে তোমার শরীর ভিজে যাবে,
তৃষ্ণার্ত হয়ে উঠবে তোমার গোলাপি ঠোঁট!
             আমি পাগল হয়ে উঠব!
      মেঘ হয়ে নীচে নেমে আসব রাস্তায়,
       তিলে তিলে নিজের বুক চিরে দেব,
        এক ঝাঁক বৃষ্টিতে ঘিরব তোমায়,
                 তোমার তৃষ্ণা মেটাবই,
                তোমার শরীর ভেজাবই,
      শুধু তোমায় ভালোবেসে নিষ্ঠায়।
ততক্ষণে তুমি ছাতা দিয়ে আটকাবে আমায়,
         আমি ছিটকে পড়ব ঘাসের ডগায়,
            ভেঙে লুটিয়ে পড়ব মাটিতে,
চূর্ণ-বিচূর্ণ হবে আমার জলকণার নরম শরীর,
তবু গড়িয়ে এসে তোমার পায়ে ধরব চেষ্টায়, 
তুমি পা দিয়ে ঠেলে দেবে এক ঝটকায়!
              আমার ভীষণ কষ্ট হবে,
               তুমি বাড়ি ফিরে যাবে,
              আমার সর্বস্ব হবে শেষ!
             নিজেকে হারিয়ে ফেলবই,
                       লাখো লাখো--
নদী-নর্দমা আর সমুদ্রের পরাজিত জলধারায়!

            ফের কোনো এক গ্রীষ্মের সন্ধ্যায়,
         তুমি জানালার ধারে বসে বৃষ্টি চাইবে,
সব অভিমান ভুলে রোদ্দুর বেয়ে উঠব আকাশে,
                আবার নিজেকে শক্ত করব,
           নিজেকে মেঘ করে নেব নিমেষেই,
                ভীষণ আনন্দ হবে মনজুড়ে,
         আবার একবার নিজের বুক চিরে দেব,
                  আবার একবার বৃষ্টি হব,
 সোজা এসে পড়ব একেবারে তোমার বারান্দায়।
              তোমার পায়ে আলতা থাকবে,
               হাতে রাখবে মেহেন্দির সাজ,
             সানাই বাজবে তোমার দাওয়ায়,
  ভীড়ের মধ্যে নির্লজ্জের মতো শুধু তোমায় খুঁজব,
             বাড়িসুদ্দ লোকে আমায় দুষবে!
             তোমার হাতে থাকবে বরমালা,
দেখব তোমার মনের পুরুষটাই শুধু আমি নই!
  আমি আটকে থাকব তোমাদের সামিয়ানায়,
            বন্দী হয়ে আমার বিবাহের মৃত্যু দেখব,
            লোকে নীচে থেকে বাঁশের বাড়ি দেবে,
           হুমড়ি খেয়ে পড়ব বাইরের বড় রাস্তায়,
             আবার মিশব অন্য জলেদের সাথে,
                            লাখো লাখো---
ফের পড়ব হৃদয়ভাঙা ঐ সমুদ্রের জলধারায়!


Comments

Popular posts from this blog

সম্পাদকীয়

আফজল আলি

বিশ্বজিৎ প্রামাণিক