সবর্না চট্টোপাধ্যায়
মার্চের কবিতা
সবর্না চট্টোপাধ্যায়
যেভাবে জামা তুলে সুড়সুড়ি টানো পিঠে,
আকালের সন্ধানে উড়ে গেছে সে ঘুম।
মোচড় দেয় শুধু বাদামী ঋতুস্রাব!
এমন হয় না সাধারণত…
লালচে মেঘের আশপাশ দিয়ে ডুবে যেত সূর্যটা
তখন কাঁধে হাত, হাওয়াদের সাথে।
মাথা ব্যথা হলে বুলিয়ে দিতে হাত।
ঘাড় থেকে নামত যে স্রোত
তাতে ভেসে যেত অপেক্ষার অটোস্ট্যান্ড!
পাঁচটাকা পকেটে নিয়ে মার্চের শেষ সপ্তাহে
টিউশন পড়িয়ে ফেরার সময়, মনে হত
এরপরেও কি, দেখা হবে?
আমাদের সেই ছেড়ে যাওয়া জোড়া লাগেনি আর!
শুধু কুড়িটা বছর যেন জুড়ে আছি
ভুলে যাওয়ার ভান করে…

Comments
Post a Comment
Thank u..Valo thakun...