আফজল আলি
জিরো বাউন্ডারি লেখার তাগিদ
আফজল আলি
অষ্টম অংশ...
উত্তর আধুনিকতা কখনো বলেনি যে কবি ছন্দে লিখতে পারবে না বা ছন্দের মধ্যে কবিতা নেই । আসল পর্যবক্ষেণ হল ছন্দ যেহেতু আধুনিকতার একটা বড়ো অংশ জুড়ে ছিল , শুধু তাই নয় কবিতা দীর্ঘ দীর্ঘদিন ছন্দ-শৃঙ্খলের অধীনে ছিল সেই জন্মলগ্ন থেকেই , তাই উত্তর আধুনিকতা চাইছিল কবিতা ছন্দের বাইরে বেরিয়ে আসুক। এই মানসিকত্র প্রেক্ষিতে উত্তর আধুনিকতা ছন্দকে প্রায় পুরোপুরি বর্জন করতে চেয়েছিল। আসলে আধুনিকতার অনুষঙ্গ থেকে না সরলে যে উত্তর আধুনিকতার বৈভব স্বতন্ত্রতা পাবে না - লক্ষ্য ছিল এটাই । কাজেই সেই লক্ষ্য বাস্তবায়িত করতে ছন্দকে তো পরিহার করতেই হবে। ছন্দে লেখা কবিদের মনে করা হতো অনেক পিছনের মানসিকতার , তাঁদের কবিতার মধ্যে নতুনত্ব কিছু নেই । বাস্তবে ব্যাপারটা যে এক্কেবারে বেঠিক ছিল এমনটা নয়। বাংলা কবিতা দীর্ঘ সময় ধরে ছন্দের দাসত্ব করে এসেছে , কাজেই মুক্তি তো প্রয়োজন ছিলই।
অর্থাত্ কবিতাকে শৃঙ্খল মুক্ত করতে হবে এই ছিল উদ্দেশ্য । কবিতা যে কোথাও আবদ্ধ বা শৃঙ্খলায়িত তা বোধের মধ্যে ছিল । কিন্তু ঠিক এই জায়গাটিতেই কবি এবং কবিতাকে আরো একটি আবদ্ধতার দিকে নিয়ে যাচ্ছিল। একজন কবি তো ভাবুক , তাঁর চিন্তার প্রসারণে কোথাও আবদ্ধতা বা দিক- নির্দেশের ব্যাপার তো থাকা উচিত নয়। ছন্দ থেকে টেনে বার করতে গিয়ে উত্তর আধুনিকতা আর একটি আবদ্ধতার মধ্যে ঢুকে যাচ্ছিল যা আদপে কাম্য নয়।
জিরো বাউন্ডারি যেহেতু কবি এবং কবিতার সম্পূর্ণ বন্ধনমুক্তির পক্ষে , তাই এই ধারণা দ্ব্যর্থহীন ভাবে বলল কবি ঠিক কোন আঙ্গিকে লিখবেন তা কবির একান্ত অভিপ্রায় । বরং ছন্দকে restructure করার পক্ষেই তার মতামত ব্যক্ত করল। ছন্দে লেখা কবিতা মানেই খারাপ নয় , sub standard নয় । Poet is free to undertake any style. কিন্তু একটা বিষয় দেখার , ছন্দকে যদি নতুন ভাবে উপস্থাপনা করা যায় , যেখানে ব্যাকরণগত প্রথাকে রেখে শব্দ ভঙ্গিমায় পরিবর্তন , অথবা ব্যাকরণগত প্রথাকেই বদলে দিয়ে নতুন ভাবে নির্মাণ করা। সেক্ষেত্রে কবি এবং কবিতা নতুনত্বের স্বাদ ও দিশা পাবে , হবে একঘেয়েমি মুক্ত । তাই জিরো বাউন্ডারি কনসেপ্ট নতুন ভাবে বলল - কবি মুক্ত । ঠিক কীভাবে লিখবেন কবিতা, তা সে ব্যকরণগত ছন্দে হোক , গদ্যছন্দে হোক , বা অন্য ভাবে । কিন্তু একটা বিষয় অবশ্যই লক্ষ্য রাখতে হবে , শব্দ এবং ভাষা প্রয়োগ কিছুতেই যেন সময়ের নিরিখে অনেক পিছিয়ে যাওয়ার না হয়। কারণ পৃথিবীর প্রকৃতির নিয়মের মধ্যেই এগিয়ে যাওয়া হল স্বতঃসিদ্ধ । সময় পিছনের দিকে যায় না । অতীতের কবিতা অবশ্যই আমাদের ঐতিহ্য বা সংস্কৃতির মধ্যে থাকবে এ বিষয়ে সন্দেহ নাই , কিন্তু দিশা হবে নতুনের। আর নতুনের খোঁজ করার জন্যই তো অতীত বর্তমানকে জানতেই হবে , জেনে রাখা ভালো। কবি চিত্তের একঘেয়েমিতা এবং পুনরাবৃত্তির নীরসতা রুখতে জিরো বাউন্ডারি তাই বলল ছন্দকে restructure এর মধ্য দিয়ে এগিয়ে নিয়ে যেতে । তবেই না প্রকৃত আনন্দ , সৃষ্টির আনন্দ । যে ভাবনা বদ্ধ হয়ে পড়ে সেই ভাবনা দীর্ঘদিন চলতে পারে না । উত্তর আধুনিকতা যতই বলুক power centre ভেঙে দেওয়ার কথা , কিন্তু বাস্তবে হচ্ছিল দ্বিতীয় আর একটি power centre তৈরির দিকে । আর একটি কেন্দ্র যা দিক নির্দেশ করবে , অধীনে রাখবে প্রান্তিকজনকে , যা প্রবল ছিল আধুনিকতার মধ্যে । আসলে সমস্যাটা ছিল অত্যন্ত গভীরে । একজন উত্তর আধুনিক কবির মন যদি সামন্ততান্ত্রিক হয় , যদি তাঁর মধ্যে dictatorship এর নীতি প্রবল হয় , তাহলে তিনি কতটা উত্তর আধুনিক হতে পারেন। মন চূড়ান্ত আধুনিক হলে, লেখা এবং ব্যবহার চূড়ান্ত উত্তর আধুনিক হতে পারে না একশো ভাগ । ভিতরে কাজ করে গোপন অভিপ্রায় , অবদমিত করে রাখার। জিরো বাউন্ডারি সেই অবিমৃষ্যতার বিরুদ্ধে ।
আরোও জানবো সামনের সপ্তাহে...

Comments
Post a Comment
Thank u..Valo thakun...