রিয়া ভট্টাচার্য














অনুগল্প

খ্যাতি

রিয়া ভট্টাচার্য 

" তারা গৃহশ্রমিক, অবৈতনিক গৃহপণ্য। প্রতিরাতে যখন পেতলের পিলসুজে জ্বলে ওঠে সন্ধ্যাদীপ, গলবস্ত্র হয়ে তারা ভিক্ষা করে দেবতার দরবারে ; অনাকাঙ্ক্ষিত মুক্তির.... । "

নিজের সদ্যপ্রকাশিত বই থেকে প্রাঞ্জল শব্দে একটানা গড়গড় করে পড়ে থামলেন বিয়াস চৌধুরী, আজকের বাংলা সাহিত্যের অন্যতম উদীয়মান নক্ষত্র। সমবেত হাততালিতে গুঞ্জরিত হয়ে ওঠা হলঘরটার প্রতিটা চেয়ারের কুশনগুলিও যেন সমর্থন করল তাঁকে, রুমালের খুঁট দিয়ে সন্তর্পণে কাজল বাঁচিয়ে চোখের জল মুছে নিলেন কিছু মধ্যবয়স্কা সংসারী নারী। বিখ্যাত লেখিকার হাতে নারীবাদের ধ্বজা ক্রমশ উড্ডীন। 
 ফাউন্ডেশনের কভারের আয়নায় নিজের ঝকঝকে মুখখানি একবার দেখে নিলেন বিয়াস। সেই কবে, বিখ্যাত হওয়ার পথের একধারে ছেড়ে এসেছিলেন মলিন শার্টের প্রতীমকে, উদাসী চোখে যার সুর্মা হয়ে আঁকা ছিল নিঃস্বার্থ ভালোবাসা। আজও তারা ফিরে ফিরে আসে, সকল খ্যাতির বিপরীতে ; দীর্ঘশ্বাসী স্মৃতিচারণ হয়ে।।

Comments

Popular posts from this blog

সম্পাদকীয়

আফজল আলি

বিশ্বজিৎ প্রামাণিক