সুপ্রীতি বর্মন














সাহিত্যিক

সুপ্রীতি বর্মন


জমিদারী বৈভবে আহ্লাদে আটখানা 
যুবার কর্মচঞ্চলতা
অস্তাচলে কুসুম কলমে দৌরাত্ম্য 
সাহিত্য ছলাকলা বিলাসিতা।

কুমারী এলোচুলে সদ্যস্নাতা সোঁদা ঘ্রাণ
আঁচলে গিন্নীপনা কোমর গোছা চাবি
আর এদিকে আমি ডুবসাঁতারে পূণ্যিপুকুর হাতড়াই,,,,, 
তোমার প্রেয়সী অঙ্গের পলিমাটি 
নান্দনিক ভাস্কর্যে শৈল্পিক ক্ষুধার আটমহলা।
আটপৌরে চাল তবুও আদর ঢালি উপন্যাসে
রূপকথা। 
সান বাঁধানো ঘাটে জীয়ন প্যাঁকাল মাছ হাবুডুবু চুম্বনে
বুকের সান বাঁধানো চাতালে উদ্গিরণ 
তৈলক্ততায় পিচ্ছিল অশ্লীল তাজমহল। 

হৈ গৈ পয়সায় ঔদাসীন্য কর্ণপাতে শীতলপাটির উঠানে
আমার কাব্যের মৎস্যকন্যা উঁকিঝুঁকি মেরে চায় ভিক্ষার দুফোঁটা জীবন। 
আমার সত্যিকারের বেঁচে থাকা 
কালজয়ী ধ্রুপদী চরণ। 

চতুষ্পার্শে বজ্রনাদ সোচ্চারে বুঁদ 
ক্ষীণকায় মম প্রতিভা
আমি নাকি তোমাদের চশমায় না দেখা
একজন স্বনামধন্য সাহিত্যিক 
কলমের আলকাতরা নিষ্প্রদীপ টপ টপ ফোঁটায়
আঁচলের পরতে উন্মোচনে নাছোড় আঁচড়ের স্পর্শকাতর টানে
বাক্সবন্দী বার্ধক্যের জমাটি ক্ষীরোদ সাগর প্রণয়।
সহাস্য অকপটে ছিনালি আটচালায় লজ্জাহীন বেহায়া আমি এক ঘরকুনো তস্কর
তবুও দিনশেষে সকলের চাঁদবদন মুখে
বত্রিশ পাটির বিক্রমাদিত্যের সিংহাসনে স্বর্নালী রাজত্ব, আমি রাজন। 

পাকা গতরে অঙ্গুলীহেলনে বেছে বেছে দৃষ্টিশূল কাঁটা
হাড়গোড় শব্দকঙ্কাল তোমার স্তন ও নিতম্বে আমার ছোঁয়াচে স্পর্শ যৌনতার আদম স্বরলিপি
আমি নির্ঘুম ভগ্নাংশ সমীকরণে তোমার দেহ-দাহ পংক্তি।

শরীকির খাওয়া খাওয়াই গুল মেরে 
স্বত্তাধীন সম্পত্তি বিক্রয়ে হয়ে যায় দিন গুজরান
আমি জমিদারের পুত কুপুত হ‌ই কি করে
তাই আমার অঢেল সময় আরামকেদারায় ঠেস
আত্মসমীক্ষণ পাতার পর পাতা বিলাসিতার কল্পনা। 
আমার এঁদোগলির মধ্যবিত্ত ভাম গুঞ্জনে
স্বৈরাচারী অকপট নাগর সংলাপে 
নির্মানে বোধিবৃক্ষ নিরলস প্রয়াসে
স্বয়ংক্রিয় তথ্যচিত্র কোরিওগ্রাফির চলন
অবাক শূন্যতা....
না অবাক জলপান 
               পাঠ প্রতিক্রিয়া পিপাসা।

Comments

Popular posts from this blog

সম্পাদকীয়

আফজল আলি

বিশ্বজিৎ প্রামাণিক