জপমালা ঘোষরায়
শূন্যের ব্যাকরণ
জপমালা ঘোষরায়
প্রথম সূত্রঃ--
নতজানু ঋতুরাত যদি মেধা বিছিয়ে ধারণ করে বৃন্তনাভিমধুধার, শাওয়ারকলস্রাব ও শ্রাবণসন্ধান।
মেঘেদের রক্তপাতহীন হেমাটোমার নীচে শুধু একটা বড় শূন্য লিখে শূন্যতা থেকেই পূর্ণ হতে শুরু করতে হবে।
দ্বিতীয় সূত্রঃ--
'মগ্ন' নিমগন হলে যতটুকু উপসর্গ ও অভিশ্রুতি লাগে তার প্রতি রেখে দিতে হবে গভীর প্রত্যয়।
নিপাতনেসিদ্ধ দেহসন্ধিগুলো বিসর্গবিন্দুতে লীন হয়ে যখন আলোর বিন্দুবিসর্গ খুঁজে পাবে না তখন সেই মহা আঁধারের ব্যাকরণ শিখতে হবে।
চন্দ্রবিন্দুসহ চন্দ্রকলার গভীরতম পথে অনুস্বার চিহ্নে নেমে অপত্য জন্ম হতে পারে।
তখন স্থাপত্যের জন্য স্নানঘরের স্রাবনে ও শ্রাবণে গলে যাবে রাত।
তৃতীয় সূত্র ঃ--
দামিনী দমকে দমকে খুঁজবে যখন মৃত্তিকাকে আর আপনি কোনো কবিতা লিখেই বোঝাতে পারবেন না সুদের অঙ্কের চেয়ে সোঁদামাটি কতখানি আহ্লাদজনক,
তখন শব্দদের ব্রহ্ম আর কবিদের প্রজাপতি মেনে নিয়ে হাঁসজারু আর হাতিমির মতো জল জঙ্গল একাকার করতে হবে।
চতুর্থ সূত্র ঃ---
এরপর মগ্ন অভিশ্রুত হলে গগন মগন সঘন শর্বরী গানের শ্রুতি ও সপ্তক ধরে মগ্নতার তুরীয় অবস্থানে পৌঁছে যাবার পর যাকে জাপটে ধরে আদর করছেন তার দেহে সর্বসম লীন হতে হতে বিলীন হয়ে যেতে হবে।
|
|

Comments
Post a Comment
Thank u..Valo thakun...