অয়ন মণ্ডল
যন্ত্রণা
অয়ন মণ্ডল
কয়েকটা ঘণ্টা আগে বেশ ফুরফুরে ছিলাম
ফুসফুসে আদান প্রদান হচ্ছিল বহুদিনের জমানো পিপীলিকাময় অনুভূতি
এখন অক্ষরেখা বরাবর ঘুমানোর সময়
পায়ের কাছে অর্ধেক খালি জলের বোতলে
ভেসে উঠছে নিদ্রাহীনতার ছবি
যারা ছুটে এসেছিল তোমাকে দেখবে বলে
তাদের নির্জনতায় ভিড় জমিয়েছিল,প্রেমিকার কপালের কাটা দাগ
একদিন জ্বলজ্বল করে জ্বলে উঠবে
আর পেণ্ডুলামের মতো দুলতে থাকা মনখারাপে
সেঁকে নেবে বিষণ্ণ হৃদয়
জানুয়ারি নাকি জুন
কোন ঋতুর কদর বেশি
কপিপেস্ট করে বলার সময় আসেনি
বাহাদুরী বলতে ঘেমে ওঠা নাকে আঙুল ছুঁয়ে যাওয়া সন্ধ্যা
সাঁতারের পোশাকে তোমাকে দেখিনি বলে, ভেবো না
তোমাকে শুধু ভালোবাসি শরীরের মোহে!

Comments
Post a Comment
Thank u..Valo thakun...