সবর্না চট্টোপাধ্যায়
ক্ষত
সবর্না চট্টোপাধ্যায়
ধুলো পড়ে আছে ক্ষতদের সারা গায়ে
ডুব দিয়ে ফেরা শামুকখোলের দল
বালি ঝরে পড়ে চেনা অচেনার পায়ে
আমাদের আছে বাঁচার সুকৌশল
যন্ত্রণাগুলো সাজিয়ে রেখেছি পথে
বিষণ্নসুখে আস্তাবলের ঘোড়া
চাবুক যখন নিজের মেজাজে ছোটে
দিকতালহীন ধুলোয় লাগামছাড়া
সে ধুলো উড়ছে বছর বছর ধরে
একলা আকাশে মেঘেদের ঠাসাঠাসি
আমরা আজও সর্বনাশের ঘোরে
বিদ্বেষ নিয়ে করছি যে রেষারেষি
নিলামে উঠছে হাজার সুখের চাবি
সূর্য হাসুক শিউলি ফুলের ভোরে
নতুনের কাছে এইটুকু আজ দাবি
ভাঙব বলেই সুনামী আসুক জোরে
সুনামী মানে তো সাগরকে ভেঙে দেখা
ধুলোদের গায়ে বৃষ্টি আসুক ঝেঁপে
সারা বাড়িময় থৈ থৈ কাদামাখা
ক্ষতদের আজ না হয় নিলাম মেপে!

Comments
Post a Comment
Thank u..Valo thakun...