দীপক আঢ্য
সোহাগি রাত
দীপক আঢ্য
সোহাগি রাত, তুই জানলা দিয়ে আয়
দেখছিস তো কেমন খোলা চাঁদ
রাতটাকে আজ জাগাবো জোর করে
দেখি কেমন করে সে হঠাৎ চলে যায়?
দখিনা বাতাস আসবে পিছু পিছু
একলা কবে রাত কেটেছে তার?
ভালোবাসার গল্পগুলো নিয়ে
দেখিস, স্বপ্নবাঁশি কেমন সুরে গায়।
সেই শাড়িটাই পরবি রাতে তুই
টাকির পাড়ে সেদিন যেমন দেখা
ইছামতী আনব ছাদের পাশে
আসিস যদি রাতদুপুরে একা।
সোহাগি রাত, দুমুঠো আদর বুকের ভিতর রাখিস
রাতের বেলা তারারা দেখে যদি
লুকিয়ে তুই যতই করিস আদর
হিংসেগুলো জানবে ঠিকই ভোরে;
তাই, আজকে আমি হবো রাতের পাখি
সোহাগি রাত আসবি কিনা বল,
হৃদয়জুড়ে অনেক কথাই বাকি।

Comments
Post a Comment
Thank u..Valo thakun...