সৌরভ বর্ধন
গভীর রাতের প্লাস্টিকগুচ্ছ
সৌরভ বর্ধন
১.
আয়নার ওপার থেকে কুষ্ঠ চামড়ায়
যে মসৃণতা দেখি তাতে ছড়িয়ে ছিটিয়ে থাকে নিরঙ্কুশ পাপ
২.
শ্যাওলার মতো কিছু অক্ষিগোলক
ভালোবেসে সমস্ত সবুজ দেখি, ভাবি ওত পেতেছে তপোবন
৩.
আমার ভেতরে বেড়ে ওঠে ঊর্ণনাভ
নিজেকে বিছিয়ে দিই জলে স্থলে অন্তরীক্ষে কুয়াশায়
৪.
পারসিক চাকায় জীবন পেলে
বীর্যবান বেলাভূমির মতন খুঁটে খাই বৃত্তের জলজ ফলমূল
৫.
শীতরাতে অবসর খুব কম ও প্রগলভ
তাই হেঁকে ওঠে নিরেট শৃঙ্খল, লেপের তলায় গ্রাম্য উষ্ণতায়
৬.
গভীর রাতের প্লাস্টিকগুচ্ছ যেভাবে ফুটপাতে পুড়ে
পুড়ে যায় সেভাবে আমিও নিজের গর্তে উলঙ্গ হই, ধোঁয়া
৭.
ধোঁয়া ওড়ে পোশাক পোশাক উড়ে যায়
অচেনা কুক্কুরী সৎ, আমার ওম কিনে নেয় শীতের বিনিময়
৮.
বিনিময়ে অর্জন করি হরপ্পার দাবানল
মুখ ঢাকা মুখাগ্নিতে রাত, রাত হয়ে যায় আহ্নিক প্রকরণ
৯.
একেকটা ভালোলাগা গিলে নিতে আপোষ লাগে
নতুন রং-করা আলনার মতো শুঁকতে ভাল্লাগে চোখ
১০.
শিল হয়ে ঝরছো যেমন পাঁজর ঘেঁষে
তেমন ঝড়ে অস্থির শোক বেড়ে দিতে অন্ধকার জেগে থাকে

Comments
Post a Comment
Thank u..Valo thakun...