জয়ন্ত চট্টোপাধ্যায়
মুখ
জয়ন্ত চট্টোপাধ্যায়
এক একটি মুখে এক একটি কথা লেখা
অথবা এক একটি কথা এক এক সময় আঁকা।
মুখ বদলে গেলে ভাষাও বদলায়
যারা xy ক্রোমোজোম নিয়ে ঘোরে তাদের কাছে
xx ক্রোমোজোমের আকর্ষণ অমোঘ
ক্রোমোজোমও জাতভিন্নতা মানে।
সমজাতি কি বিকর্ষণই করে?
ধরুন,সৌন্দর্যের বালাই ছিল না
নদীতে অনর্গল জল লাল সবুজ রঙের মিছিল।
নদী পার হবার পা দুটো শ্যাওলায় বাঁধা
এখন কম্পাস যদি ঠিক করে দিক
তবে তো হেমন্তের বনে মাতঙ্গের নাচ......
ভাষা বদল হলে ছবি বদলায়
কথা বদলে যায়
কথায় কথায় মুখও অচেনা লাগে
তার ভাষা ভাব ভ্রূকুটি সবই ভিন্নতার স্রোতে
প্রাচীন পাতার মতো ভেসে চলে
চালাকির মহাসমুদ্রে।

Comments
Post a Comment
Thank u..Valo thakun...