কাজী রুনালায়লা খানম















শুদ্ধমতো একবার ডাকো

কাজী রুনালায়লা খানম

শুদ্ধমতো একবার ডাক দিলেই
নগ্ন নদীর কাছে দাঁড়াবো একাকী
অক্ষরবিহীন।
সহজ ঝর্ণার জলে পেতে দেবো নিভন্ত শরীর।
আদিম সারল্যে মিশে যাবো
অরণ্যের বিজনে গভীরে।
জানো, এখানে আপেলের ফালির মতো
ফ্যাকাসে দুপুরের মুঠোয়
জমে ওঠে আঁধি আর ব্যাধি।
এখানে পাখির সারল্য নেই, 
নেই আর জলের বিশ্বাস।
জটিল অক্ষর আর  দুরূহ ডিজিট 
ঢেকে রাখে এ শহর মুখ। 
এখানে কেউ কারো স্বজন নয়, 
সবাই সবার কাছে অচেনা আগন্তুক।
আলো ভেবে সহজ বিশ্বাসে 
আমি যাকে ঢেকে রাখি বুকে,
আসলে তা প্রগাঢ় অন্ধকার। 
তূণ হতে খসে যাওয়া অক্ষর ফলকে 
অতর্কিতে ঝরে পড়ে অবিমৃষ্য বিষ।
তবু শুদ্ধমতো একবার ডাক দিলেই
নগ্ন নদীর কাছে দাঁড়াবো একাকী
অক্ষরবিহীন।
একবার ডাকলেই শীতল বৃক্ষের মতো 
দুদন্ড জিরিয়ে নেবো মানুষের নিহিত ছায়ায়।
এ শহর মুছে দিলে সমস্ত পাসওয়ার্ড।  
মানুষ ফিরে পাবে মাটি আর অরণ্যের
স্বাভাবিক অধিকার?
চলো, আমরা বরং ফিরে যাই
পাথর দিন, শিকারের রাত,
চন্দন জ্যোৎস্না আর
খরস্রোতা নদীটির জলের আখরে
প্রাগৈহাসিক গুহার গায়ে
লিখে রাখি অনার্য- কাহিনি।

Comments

Post a Comment

Thank u..Valo thakun...

Popular posts from this blog

সম্পাদকীয়

আফজল আলি

বিশ্বজিৎ প্রামাণিক