উজান উপাধ্যায়













রূপভেদ

উজান উপাধ্যায়


প্রতিটি শব্দ লিখে মুহূর্তে বদলে যাচ্ছি আমি।
প্রথম কবিতা লিখে শান্ত জলের বুকে ঝুঁকে দেখেছি আমার মুখে আশ্চর্য বাঁক। 

তারপর দ্বিতীয় কবিতার শেষ স্তবকে এসে আরও একবার বুঝে গেছি প্রবল রূপান্তর।
বারবার কুড়িয়েছি ছড়িয়ে থাকা টুকরো আমির ছত্রভঙ্গ খাঁজকাটা স্তরীভুত ব্যবচ্ছিন্ন অবশেষ।

প্রতিদিন সরে যাচ্ছে মননের কূপ, জীবাশ্মনিক্ষিপ্ত আলোর মতো বিভ্রান্ত চেতন প্রস্তর-
শুরু আর শেষে কবিতা বদলেছে নাকি আমি, দেখার সূত্র বদলেছে নাকি প্রদর্শিত চিত্রপট-

কবির তরল চোখ, হিমঘরে জড়ো হয়ে সময়ের জঠর থেকে খুঁজে আনে বিক্ষিপ্ত আতসকাঁচ-
প্রজ্ঞার ঢেউ ক্রমশঃ স্তিমিত তবু অস্থির সমলয়ে অনুনাদে অনুনাদে কেঁপে উঠছে দোয়াতশিকড়

শব্দেরা ক্রমাগত পাল্টেছে কবির অন্তর, নাকি কবিতা খাতায় লেখা একই শব্দ নাবিকের কম্পাসের মত দুরন্ত অন্তর্ঘাতে নিজেরাই বহুরূপী সাজে-

যে আমি গড়েছি প্রথম কাব্যদেহ-
সে আমি কী আদৌ বেঁচে আছি আজও-

জন্মের ভিতরে এত এত পুনর্জন্ম হলে শেষ কাব্যে
অমৃতস্নেহে জড়িয়ে যাবে কী  মৃতের সন্দেহ!

Comments

Popular posts from this blog

সম্পাদকীয়

আফজল আলি

বিশ্বজিৎ প্রামাণিক