রিয়া













স্মৃতিগন্ধা

রিয়া

ভাবতে ভাবতে ভুলে গেছি আতরের গন্ধটুকু....
নীল শার্টের কলারে জড়ানো দীর্ঘশ্বাস,
একদিন পিছিয়ে পড়তে হয় ঠিকই '
বোবা টানেলের দরবারে ---
বল্গাহীন উর্ধ্বগামী পারদস্তর ;
অনেকরাত পর্যন্ত গল্প করে ফিসফিসিয়ে... 
ফেলে আসা দিনগুলো যতিচিহ্নের সাথে আপোষে মিলায়, 
খাপছাড়া দিনগুলোতে পড়ে নতুন তালার চাবিকাঠি 
জ্বরের ঘোরে কপালে রাখা হাতটায় যারা খুঁজে বেড়ায় সান্ত্বনা ----
হয়ত তাদের চেয়ে হতভাগ্য পৃথিবীতে দুটি নেই।

এরাই আবার মৃত্যুর গল্প বলে.....
রেশমপোকার ছাল ছাড়িয়ে বুনে ফেলে করুণ মিথ্যেহাসি,
ছ্যাতলা পড়া জীবনের উঠোনে শুকোতে দেয় গোপন প্রিয়নাম '
তারপর টুপটাপ তাকে পুরে ফেলে স্মৃতির বয়ামে,
হৃদয়টা একটা আস্ত সিন্দুক.....
ভরা রোদ্দুরে পিঠ পেতে বৃষ্টির স্বপ্ন দেখে,
তারপর একদিন মিইয়ে পড়ে নীরবতায় ;
ঠিক যেমন বাসি রজনীগন্ধা গুমরে মরে বিছানাতে।

Comments

Popular posts from this blog

সম্পাদকীয়

আফজল আলি

বিশ্বজিৎ প্রামাণিক