মোস্তফা মঈন
পাখিরা জেনে গিয়েছিল তাদের একটাই পৃথিবী
মোস্তফা মঈন
.
আগুন জ্বলতে দেখলে
কাক ও কবিরাই প্রথম চিৎকার চেঁচামেচি করে।
কিন্তু আমাদের ব্রহ্মতালুতে
পা নাচিয়ে যারা মানুষের মৃত্যুর হিসাব কষে
আমরা তাদের নাম দিয়েছিলাম ‘জাতিসংঘ’।
কেননা জাতি হিসেবে
আমাদের একটা সংঘ তো চাই
কেননা জাতি বিশেষে
শেয়াল বাঁদরের কোনো সংঘ থাকে না।
কেননা আমরা আগেই বলে দিয়েছিলাম
পৃথিবীতে মানুষই একমাত্র বুদ্ধিমান জাতি।
কিন্তু মানুষেরা তার স্বজাতিকেই হত্যা করতে বেশি পছন্দ করে।
এবং হত্যাকারীদের উসকে দিতে তারা আরো বেশি পছন্দ করে।
কেননা পৃথিবীতে যে কোনো প্রকাশ্য অথবা নিরব সমর্থন ছাড়া
কোনো অপরাধ সংঘটিত হয় না কোথাও কোনোদিনও।
কেননা মানুষ বংশ পরম্পরায় স্বজাতি নিধনে বড় বেশি উৎসাহি
তারা চেটেপুটে নিজেদের ভাইয়ের রক্ত খেতে বেশি ভালোবাসে।
কেননা মানুষের ভালোবাসায় থাকে শ্লেষ্মাযুক্ত ঘৃণা
আর ঘৃণার মর্মার্থ আর কিছু নেই ঘৃণা ছাড়া।
শাদা কালোতে ঘৃণা
বর্ণে বর্ণে ঘৃণা
ধর্মে ধর্মে ঘৃণা
জাতিতে জাতিতে ঘৃণা
ইহুদি, খ্রিস্টান, হিন্দু, মুসলিম
সংঘাতে সংঘাতে ছড়িয়েছে কেবল ঘৃণা।
কিন্তু আমরা জেনে গিয়েছিলাম
সারা পৃথিবী জুড়েই মানুষ সভ্য একটি জাতি।
বাঁদরও একটি জাতি
ভালুকও একটি জাতি
পাখিও তো একটি জাতি।
কিন্তু পাখিরা ভুলেও স্বজাতির বিরুদ্ধে
রক্ত খেলায় মেতে ওঠে না কোনোদিনও।
( রক্ত কী নেই সকল জীবেদের গায়ে? )
কেননা আমরাই বলে দিয়েছিলাম
মানুষ ছাড়া অন্য প্রাণীরা সভ্য নয়
আর তারা বোমা বন্দুক বানাতে জানে না।
যেমন তারা ধর্মকর্মও জানে না
একে অন্যকে কাফের মুরতাদ গালাগাল দিতেও জানে না
ধর্মের বিরুদ্ধে ধর্ম বিষোদ্গার করতে জানে না।
সভ্য জাতি নয় বলে অন্য প্রাণীরা
হিরোশিমা, গাজা, ইসরাইল, ফিলিস্তিন বোঝে না।
কেননা পাখিরা জেনে গিয়েছিল তাদের একটাই পৃথিবী
তারা ভূখণ্ড বোঝে না, দখল আর দখলদারীত্বও জানে না।
দখলদারীত্বের ঘায়ে ফিলিস্তিনে এখন আগুন জ্বলছে
কাক পক্ষীরা চিৎকার করছে গাছের আগায়
বোমার আঘাতে ফালা ফালা হয়ে যাচ্ছে ফিলিস্তিন
গাজা উপত্যকার মাটি।
আমরা শিশুদের কোলে নিয়ে দৌড়াচ্ছি এদিক ওদিক
আমাদের বাড়ি ও স্কুল ঘরগুলো বোমার আঘাতে বিধ্বস্ত চূর্ণ
নারী ও শিশুরা ছিন্নভিন্ন রক্তাক্ত, কালো ধোঁয়ার উদ্গীরণে অন্ধকার
ঢেকে যাওয়া একটা মৃত্যুর নগরী ফিলিস্তিন।
আমরা এই ইয়াজুজ মাজুজ মানুষদের দৌরাত্ম্য থেকে
কোথায় পালাবো লুকাবো জানি না।
এই ভয়ংকর বিপদের দিনে আমরা কাকে ডাকবো হায় স্রষ্টা ও দ্রষ্টা!
আমরা কোথায় যাবো? মানুষ তো স্থানে স্থানে সংঘবদ্ধ
একটা খুনি জাতি এখন। আমরা কোথায় দাঁড়াব তবে?

Comments
Post a Comment
Thank u..Valo thakun...