অনুরূপা পালচৌধুরী
কল্যানী থেকে ১১মে, ২০১৯
ষাটের যুবকে লেখা চিঠিপরাগ দশম প্রহরের ভেজা কার্নিশ থেকে_______
ষাটের যুবক,
অনুরূপা পালচৌধুরী
আপনার শহরে ঠান্ডা সূর্যোদয়ের ঠোঁটে ঠোঁট রেখে কত কবিতাই না ভাঙচুরের ভাং- এ প্রতিদিন বলি হয় আর দক্ষিণের নিরক্ষর সূর্যাস্তটা বুঝি আপনার চোখেই পড়ে না! কুক্ষিগত দুপুরটার ক্ষতবুকে কোনো ক্ষতই আর গভীর হয় না রক্তপায়ী আসবাবের শরীরচ্যুত নাগালের সীমানায়। আপনিঘোরের জমায়েত বর্ষায় একটু একটু জল মাপার রাস্তায় এখন রোজ দাঁড়াই। হাঁটতে থাকি মাইলের পর মাইল, দিগন্ত থেকে দিগন্তব্যাপী বৃত্তের চোখে সদ্যপ্রসূত নীরব বর্ণ আপনি আকাঙ্ক্ষার চোরানদীতে বলি হতে হতে খেয়ে ফ্যালে দুপুর লুকানো পিচ্ছিল সূর্যস্নেহ। ডাকনামের খুলিতে জড়ো হওয়া জলন্ত জড়ুলের আলুথালু হাঁড়িকাঠে চুমু আঁকি অগভীর সন্ধ্যার খাদ বরাবর নিষিক্ত পলিইঁদারায়। দুপুরের ধোঁয়া ওঠা মাছ ভাতের সুখে মিনতি ঘুমালেও মানসী কিন্তু আজো সে পথে হাঁটতে পারলো না। আসলে আমরা এক-একটা প্রয়োজনের বিলাসী কলসীমাত্র।
ষাটের যুবক! আমার বনবাসী জানলার দোয়াজগাছে প্রতিদিন জোনাকি ক্ষরণে একটার পর একটা রাত গৃহত্যাগী হয়। আনতজলের ইশারায় ভিজিয়ে আবার আপনাকেই সযতনে রোদ্দুর উপহার দিই প্রতিটা আমির লুকিয়ে রাখা রক্তমাংসের ক্রীতদাসে। নির্লোভ ঠোঁটের কোণায় কোণায় লেগে থাকা রক্তাভ ইতিহাসের পরিধিস্থ চাঁদে আপনার অস্থাবর শহরের কলঙ্ক শুধু আমারই জন্মান্তর ঘটায়। জানি, আপনি আমায় সুন্দরী মানেন কিন্তু সে মান্যতার মান্যবরে আমার অসুখ বাড়ে নিত্যদিন। ওষুধে এখন আর কাজ হয় না। আমি যা যা ভালোবাসি আমার সেসব ভালোলাগার জিনিসাদি, সমস্ত বই, মনপছন্দ প্রজাপতি পালকের দৌরাত্ম্য, ঝাঁপিয়ে পড়া বাবার বুক, প্রচন্ড ভয়ে মায়ের আঁচল, নিশ্চিন্ত ছোটবেলার মায়ের কোল, দিনের পর দিন বাবার উদ্বিগ্ন চোখের ভরসাগুলো,মায়ের আদর আষ্টেপৃষ্ঠে আমায় আজো জড়িয়ে রাখলেও আমার বেনামী অসুখের ওষুধ যে এই শহরতলীতে নেই যুবক! সে বন্দিঘরের তালা খোলে সাধ্য কার!
তবু বলি, নির্দ্বিধায় এ আকাশ পুড়লে কবিতার শব্দে ফেটে যায় দিনের আলো। দূরত্ব নামলেই বেড়ে ওঠে রাতের আয়তন। আমি নির্জন ভোরের সংখ্যা গুনি আপনার বুকের ব্যকুলতায়।
ইতি
জন্মান্ধ কুয়াশার পুনর্জন্ম

Comments
Post a Comment
Thank u..Valo thakun...