রাখী সরদার
তুচ্ছ জীবন
রাখী সরদার
ঘোলা জলের তাঁবুতে
ঘাই মারে চাঁদকুড়া মাছ...
ছোট্ট বুকে বৃহৎ দীর্ঘশ্বাস ওঠে।
কখন যে সোনালি কাঁটা
জড়াবে চুনোজালে...অথবা নীল মাছরাঙার ঠোঁটে...
তবুও পুচ্ছে শেষ পরমায়ু এঁকে
ঘাই মেরে ভেসে ওঠে
চাঁদকুড়া মাছ...
সাঁড়াশি ঠোঁটের কব্জায় লালাসিক্ত দেহ।
পুনর্বার ঘটে গেল জলজ হত্যা
কোন মিডিয়া নেই... নেই খবর...
কেবল হাওয়ার মুখে ঘোর আঁশটে গন্ধ,
আর ক্ষুদ্র জীবনের মনস্তাপ
উড়ে বেড়ায়...

Comments
Post a Comment
Thank u..Valo thakun...