সংযুক্তা পাল
অসুখ
সংযুক্তা পাল
হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে ভালোবাসে
যে মানুষী তার কাছে প্রেম এক অসহায় সন্ধ্যা ;
নিরাবৃত, নিরাভরণ তার একাকীত্বের মেঘে
ঝরতে থাকা বৃষ্টির জলও নোনা।
কোনো এক অমাবস্যার রাতে শব দেহ ভিজিয়ে রেখে
ভৈরবী সাধনায় নারীকে নগ্ন করার বাসনা
তোমাকে দগ্ধ করেছে পুরুষ,
সেই আগুনে পুড়েছে তোমার জন্মান্তর,
পুড়েছে আদিম ইচ্ছেরা!
চৈতন্যের সব সংকল্পকে নস্যাত করে
যে মেয়ের ঠোঁটে রেখেছ আগ্রাসী চুম্বন
তার বুকের গিরিখাতে তোমার স্পর্শেই
ডুবেছে সূর্য, নেমেছে স্বপ্নিল বন্যতা।
উদ্ভ্রান্ত শিকারী তাই নিয়তির কাছে হার মানে,
অপাপবিদ্ধ সেই মেয়ে তখন নিজের জরায়ুতে
খুঁজে ফেরে প্রাগৈতিহাসিক অন্ধকার ;
যে অন্ধকার থেকে জন্ম নেয় প্রেমের অসুখ-
এমন অসুখ যেখানে জীবন্ত কবরে শুয়েও
সেলিমের বংশবৃদ্ধির স্বপ্ন দেখে চলে আনারকলি।

খুব সুন্দর
ReplyDelete