তনিমা হাজরা













প্রেমের হরতাল

তনিমা হাজরা 

পঞ্চায়েতে ডাক পড়েছে, 
তুই কি মেয়ে সতী? 
তোর বাচ্চার বাপ যে ব্যাটা
জানবি সেইটেই তোর পতি।

কি বলছিস কালশিটে দাগ, যৌন নির্যাতন?
শরীর নিয়েই টানাটানি, খোঁজে না সে মন, 
চুপ আবাগী তাই বুঝি তোর 
মনের ভেতর অন্য কোরোর ঘর, 
মুখপুড়ী, এই দিচ্ছি দড়িকলসি, 
যা ডুবে তুই মর। 
পারিস যদি সমঝোতা কর,  
তবে গলায় পাবি মালা, 
শোকেসেতে রাখব ঝেড়ে, বাহ বাহ  প্রশংসাতে ভরাবো দুইবেলা। 

আরে, এদিকে আয় এই যে ব্যাটা হতচ্ছাড়া 
আকাট মুখ্যু ছেলে, 
কি দেখে দিস আগুনে ঝাঁপ 
সমাজ সংসার ফেলে?  

কি দেখেছিস?  গতর নাকি?  ডবডবে আর তাজা, 
নারী মাংস স্বাদু বড়, জানি, জানি খেতে দারুণ  মজা।

কি বলছিস চাস না শরীর, শুধু  চাস একটা মন, 
যার কাছে তোর ইচ্ছে ডানার অবাধ বিচরণ,
শালা, তোর মতো এক আহাম্মকের কেন হয় না রে মরণ? 

আইন হলো গুপী গাইন 
গাইছে গলা ছেড়ে, 
সুর তাল সব ঠিক না হলে দেবে ফকির করে।। 

তানা না না শব্দে বাদ্যি দিব্যি বেজে ওঠে। 
মারের প্যাঁচে সেয়ানারা দিব্যি শানায় অসি,
সংযন্ত্রের কলুর ঘানি সাবেকি মৌরসী।

কত্তা যারা বাগিয়ে কোঁচা 
গোঁফে দিয়ে তা,  
বগল দিয়ে বাদ্যি বাজান, 
সাদা সাজেন,  কালো ঢাকেন,
নাটুকে সব ঢ্যামনামিতে রগড়ে রগড়ে দাঁতন মাজেন, 
আতর দিয়ে দুর্গন্ধ লুকোন,
চক্ষু টিপে কয়ে থাকেন,  পারলে খোঁজো বেআইনের ছুঁচের নীচের ফাঁক, 
ওপর ওপর সাজিয়ে রাখো নথিরা ঠিকঠাক। 

শরীর হলো আইনমাফিক বর্গা জমিদারি, 
সোয়ামি দেয় ইস্তিরিকে,  সোয়ামিকেও ইস্তিরি। 
তার বাইরে গেলে পরেই শমন হবে জারি।

রুটিন মাফিক ঢেকুর তোলা, 
কে প্রেমিক, কে ঠগ,
থামো বাপু, সাজন্ত এই থিয়েটারে আর মেরো না তো ওসব খাপছাড়া ডায়লগ। 

ফেলে কড়ি মাখেনি তেল এমন গাধা যারা
আজকে তাদের বাড়ির হদিশ আনুক জজের পেয়াদারা। 

 হাড় মাংসের ঊর্ধ্বে উঠে মন দিও না  নাড়া
 যারা শুধু গতর বোঝে, সদরে সব সাদা,
 ইচ্ছেমতোন কলের নীচে নিচ্ছে ধুয়ে কাদা,
হায় কলিযুগ তোমার ফাঁসির জজ সেজেছেন তেমনই কত্তারা। 

শুদুমুদু এই সেরেস্তায় মনের কিতাব খুলছ কেন মিঁয়া, 
মনের বরং কাবাব বানাও আগুনে কাঠ দিয়া। 
তপ্ত তপ্ত অঙ্গারেতে পুড়িয়ে ঝাল ঝাল,
মন জ্বলে যাক চুল্লীতে, আজ প্রেমের হরতাল।

Comments

  1. ভালো লাগলো♥

    ReplyDelete
    Replies
    1. মুখের মতো জবাব ।।।। দিভাই তুমি লাজবাব।।।

      Delete

Post a Comment

Thank u..Valo thakun...

Popular posts from this blog

সম্পাদকীয়

আফজল আলি

বিশ্বজিৎ প্রামাণিক